টেকনাফে উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটি (কমপ্লেক্স) ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। ফলে আড়াই লাখ মানুষের ভরসাস্থল এ স্বাস্থ্যকেন্দ্রে উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা। বিশেষ করে ডেন্টাল, গাইনি, সার্জারি ও মেডিসিন বিভাগের চিকিৎসকের অভাবে সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সমপ্রতি এ হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবার করুণ দৃশ্য দেখা গেছে। হাসপাতাল সূত্র জানায়, ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটি ২০০৮ সালের এপ্রিলে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ফলে বিভিন্ন বিভাগে ১০ জনের স্থলে ২০ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা। কিন্তু আড়াই বছরেও লোকবল রয়ে গেছে আগের মতোই, ১০ জন। বর্তমানে গাইনি, ডেন্টাল, শিশু, চক্ষু, সার্জারি, নাক-কান-গলা, মেডিসিন ও জরুরি বিভাগ মিলিয়ে ১০ চিকিৎসকের পদ খালি রয়েছে। ১৪ সেবিকার পদে আছেন মাত্র তিনজন। একজন করে ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনেশিয়ান, ওয়ার্ড বয়, আয়া ও নৈশপ্রহরীর পদও শূন্য দীর্ঘদিন ধরে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রে অস্ত্রোপচারের জন্য আধুনিক যন্ত্রপাতি, অক্সিজেন ও রক্তসঞ্চালনকেন্দ্র (ব্লাডব্যাংক) নেই। ফলে প্রসূতির চিকিৎসাসহ বড় ধরনের অস্ত্রোপচারকাজ বন্ধ রয়েছে। একটি জেনারেটর থাকলেও তেল বরাদ্দ না থাকায় সেটিও প্রায় সময় বন্ধ থাকে। এক্স-রে যন্ত্রটি নষ্ট হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ডায়রিয়া ও নিমোনিয়ায় আক্রান্ত রোগীরা ওয়ার্ডগুলোতে আসন খালি না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে পড়ে আছে। ১ অক্টোবর সকালে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের দিল মোহাম্মদের ছেলে সাইফুল ইসলাম (৫), সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের মো. আমিনের ছেলে মো. ইউছুফ (৫৫), পৌর সদরের নাইট্যংপাড়া এলাকার আবদুর রহিমের কন্যা সুলতানা খানম (১৭ মাস) ও জালিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফয়সাল (১২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে টেকনাফ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। একই দিন ভর্তি করা হয়েছে নিমোনিয়ায় আক্রান্ত টেকনাফ সদর ইউনিয়নের ধুমপেরাং বিল গ্রামের আহমদ আলীর ছেলে জসিম উদ্দিন (২) ও বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের আবদুল গফুরের মেয়ে মিনারা বেগমকে (১৯ মাস)। ভর্তি হওয়া রোগীদের অভিভাবকেরা অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওয়ার্ড বয়, সেবক-সেবিকা, ওষুধ ও পানি সরবরাহ নেই। তিনজন সেবিকাকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে রীতিমতো টানাটানি পড়ে যায়। পানি না থাকায় শৌচাগার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে রোগীদের সঙ্গে থাকা অভিভাবকেরাও অসুস্থ হয়ে পড়ছেন বলে মন্তব্য করেন তাঁরা।হাসপাতালের সেবিকা অসীমা রানী বৈদ্য ও ঝর্ণা ধর বলেন, ‘কয়েকদিন ধরে ডায়রিয়া ও নিমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি আসছে। কিন্তু পর্যাপ্ত সেবিকা না থাকায় কাজ করতে হিমশিম খাচ্ছি। প্রায় সময় অতিরিক্ত (ওভারটাইম) কাজ করতে গিয়ে নিজেরাই অসুস্থ হয়ে পড়ছি।’বহির্বিভাগের চিকিৎসা সহকারী বিমল বড়ুয়া জানান, গত প্রায় তিন সপ্তাহে এখানে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার ২৪ জন রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। স্যালাইন সংকটের কথা তিনি স্বীকার করেন। স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক বখতিয়ার আলম বলেন, ‘বিদ্যুৎ না থাকলে আমাদের মোমবাতি জ্বালিয়ে জরুরি বিভাগে চিকিৎসা দিতে হয়।’ জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ জুবায়ের বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় স্যালাইনসংকট দেখা দিয়েছে।’উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মোজাফফর আহমদ বলেন, ‘চিকিৎসক, ওয়ার্ড বয় ও সেবিকা না থাকায় রোগীদের ঠিকমতো চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এ ব্যাপারে একাধিকবার জেলা সিভিলসার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’