টেকনাফে এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বেড়েছে
টেকনাফে সরকারের নির্ধারিত দামের চেয়ে প্রায় ৭০০ টাকা বেশি দিয়ে গ্রাহকদের এলপি (লিকুইড প্রেসারাইজড) গ্যাস কিনতে হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, বাজারে কোনো রকম তদারকি না থাকায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন ডিলাররা। তবে স্থানীয় ডিলারদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। জানা গেছে, চার মাস ধরে টেকনাফে এলপি গ্যাসের বোতলের (সিলিন্ডার) সংকট চলছে। অনেক সময় ডিলারদের কাছেই গ্যাসের বোতল পাওয়া যায় না। টেকনাফে মেসার্স নাফ পেট্রল সার্ভিস, মেসার্স তারেক এন্টারপ্রাইজের নামে দুটি ডিলার ও মেসার্স তাহের গ্যাস ফেয়ার নামে একটি সাব-ডিলারের পাশাপাশি শতাধিক দোকানে গ্যাসের বোতল বিক্রি হয়।জানা গেছে, চার সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম। প্রতিটি বোতল বর্তমানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, যমুনা এলপি গ্যাস ৮৫০ টাকার স্থলে বিক্রি হচ্ছে এক হাজার ৪৫০ টাকা, বিপিসি ৮৮০ টাকার স্থলে বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ টাকা, বসুন্ধরা ৮৫০ টাকার স্থলে বিক্রি হচ্ছে এক হাজার ৪৩০ টাকা, ক্লিনহিট ৮৭০ টাকার স্থলে বিক্রি হচ্ছে এক হাজার ৫৮০ টাকা ও টোটাল গ্যাস ৮৫০ টাকার স্থলে বিক্রি হচ্ছে এক হাজার ৫৫০ টাকায়। টোটাল গ্যাসের ডিলার মেসার্স তারেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ তারেক বলেন, প্রতি মাসে কোম্পানি থেকে বরাদ্দ পাওয়া যাচ্ছে ৪০টি। তার ওপর গ্যাস কিনতে হচ্ছে বেশি দামে। তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকে গ্যাসের সিলিন্ডার এনে টেকনাফে খুচরা বিক্রেতাদের ৩০-৪০ টাকা কমিশনে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে চট্টগ্রামেও সংকট, চাহিদামতো সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।’ খুচরা বিক্রেতা মোহাম্মদ ইউনুছ ও বাস স্টেশনের সাব-ডিলার মেসার্স তাহের গ্যাস ফেয়ারের স্বত্বাধিকারী মমতাজ আহমদ জানান, ডিলাররা চট্টগ্রাম, কক্সবাজার থেকে নির্দিষ্ট দামের চেয়ে বেশি দাম দিয়ে গ্যাস সরবরাহ করছেন। তাই টেকনাফে এলপি গ্যাসের দাম বাড়ছে।ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরো উপজেলায় প্রায় দেড় হাজারের মতো পরিবার সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। পৌর এলাকার চৌধুরীপাড়ার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ও আবদুর রহমান অভিযোগ করে বলেন, এখানকার ব্যবসায়ীরা ইচ্ছেমতো গ্যাসের দাম বাড়াচ্ছেন। পুরান পল্লানপাড়া গ্রামের গৃহিণী সাবিনা ইয়াসমিন ও নূর নাহার বেগম জানান, কয়েক দিনের ব্যবধানে টেকনাফে গ্যাসের দাম প্রায় ৭০০ টাকা বাড়ল।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন এলপি গ্যাসের দাম বাড়ার বিষয়টি স্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘ডিলার ও ব্যবসায়ীরা যাতে গ্যাসের মূল্য তালিকা টাঙিয়ে রাখেন তা নিশ্চিত করতে হবে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহাকে বাজার তদারকি ও অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।’