টেকনাফে এলপি গ্যাসের দাম বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে গত তিন সপ্তাহে দ্বিগুণ বেড়েছে এলপি গ্যাসের দাম। সরবরাহ-সংকটের অজুহাতে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। পরিবেশকেরা বলছেন, গ্যাস সিলিন্ডার নেই। টাকা দিলেও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। জানা গেছে, তিন সপ্তাহে প্রতিটি সিলিন্ডারের দাম দ্বিগুণ বেড়েছে। বিপিসি এলপি গ্যাস ৮৮০ টাকার স্থলে বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ টাকায় এবং টোটাল গ্যাস ৮৩০ টাকার স্থলে বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকা দামে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৈধ পরিবেশকদের পাশাপাশি অবৈধভাবেও অনেকে গ্যাসের ব্যবসায় নেমেছেন।অগ্নিনির্বাপণ-ব্যবস্থা না রেখে পানের দোকান, ফার্মেসি, বৈদ্যুতিক সরঞ্জাম, মনিহারি ও ফোন-ফ্যাক্সের দোকানেও বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। টোটাল গ্যাসের পরিবেশক তারেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ তারেক বলেন, ‘প্রতি মাসে কোম্পানি থেকে ৪০টি করে দুবার বরাদ্দ পাওয়া যাচ্ছে। তার ওপর গ্যাস কিনতে হচ্ছে বেশি দামে। বর্তমানে চট্টগ্রাম থেকেও চাহিদামতো সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।’বাসস্টেশন এলাকার খুচরা বিক্রেতা তাহের গ্যাস ফেয়ারের স্বত্বাধিকারী মমতাজ আহমদ জানান, পরিবেশকেরা চট্টগ্রাম ও কক্সবাজার থেকে নির্দিষ্ট দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার এনে সরবরাহ করছেন। তাই খুচরা বিক্রেতাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।পৌর এলাকার চৌধুরীপাড়ার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, এখানকার ব্যবসায়ীরা সময়ে-অসময়ে ইচ্ছামতো গ্যাসের দাম বাড়ান। ইসলামাবাদ গ্রামের গৃহিণী ফরিদা বেগম বলেন, ‘কয়েক সপ্তাহে এলপি গ্যাসের দাম ৭২০ টাকা বেড়ে গেছে। তাই এখন ব্যবহার কমিয়ে দিয়েছি।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন স্থানীয় ডিলার ও খুচরা গ্যাস বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহাকে অভিযান চালাতে বলা হয়েছে।