টেকনাফে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
কক্সবাজারের টেকনাফের সাবরাং উচ্চবিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ৯ জুন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিক মিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন। বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর, সমবায় কর্মকর্তা কবির আহমদ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, প্রধান শিক্ষক মফিজদ্দৌলা প্রমুখ। সভা সঞ্চালনা করেন শিক্ষক আনিসুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া সাতজন শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়।
প্রধান অতিথি শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বিদ্যালয়টি উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অজপাড়ায় হলেও গত পাঁচ বছর ধরে ভালো ফলাফল করে আসছে। এ অর্জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির।