টেকনাফে কয়লার সংকটে বিপাকে ইটভাটার মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের লেদা এলাকার একটি ইটভাটায় পড়ে আছে কাঁচা ইট l প্রথম আলো
টেকনাফের লেদা এলাকার একটি ইটভাটায় পড়ে আছে কাঁচা ইট l প্রথম আলো

গত ১০ মাস ধরে ভারত থেকে কয়লা আমদানি বন্ধ। মজুদ কয়লা দ্বিগুণ দামে বিক্রি করছেন ব্যাবসায়ীরা। পাশাপাশি হরতাল অবরোধের কারণে বন্ধ ট্রাক–লরির চলাচল। কিছু গাড়ি চললেও কয়েক গুণ ভাড়া হাকছে। ফলে কক্সবাজারের টেকনাফের ইটভাটার মালিকেরা কয়লা পাচ্ছেন না। গত বছরের মজুতকৃত কয়লা, ধানের তুষ ও সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পোড়ানো হচ্ছে ভাটাগুলোতে।
সরেজমিনে উপজেলার জাদিমুরা, মোচনি, নয়াপাড়া, লেদা, দৈঘ্যাকাটা ও লম্বাঘোনা এলাকার ইটভাটাগুলোতে দেখা যায়, আগে তুলনায় অনেক কম শ্রমিক ভাটাগুলোতে ইট তৈরি করছেন। আবার অধিকাংশ ভাটার মাঠ জুড়ে পড়ে আছে সারি সারি কাঁচা ইট। ওইসব ভাটার কর্মরত শ্রমিকেরা জানান, কয়লার অভাবে ইট পোড়ানো সম্ভব হচ্ছে না। আবার কিছু ভাটার মালিক রাতের আধাঁরে কাঠ ও দিনের বেলায় ধানের তুষ দিয়ে কোনো রকমে ইট পোড়াচ্ছেন।
ইটভাটার মালিকেরা জানান, সারা দেশের ইটভাটাগুলো ভারত থেকে আমদানিকৃত কয়লার ওপর নির্ভরশীল। কিন্তু প্রায় ১০ মাস ধরে কয়লা আমদানি বন্ধ রয়েছে। এ অবস্থায় বিগত বছরের মজুতকৃত কয়লা দ্বিগুণ দামে বিক্রি করছেন সিলেট, দিনাজপুর ও ভৈরবের ব্যবসায়ীরা। গত বছর আমদানি করা কয়লা প্রতি টন আট হাজার ৫০০ টাকা দামে বিক্রি হলেও বর্তমানে তা ১৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত এক বছরে দেশি কয়লার দরও প্রতি টন নয় হাজার থেকে বাড়িয়ে ১৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্রতি টন কয়লা পরিবহনে ট্রাক ভাড়া দেড় হাজার থেকে দুই হাজার টাকা হলেও বর্তমানে প্রতি টন কয়লার ভাড়া তিন হাজার টাকা চাওয়া হচ্ছে। বাড়তি ভাড়া গুণেও অবরোধ ও হরতালের কারণে ট্রাক পাওয়া যাচ্ছে না।
ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা গেছে, উপজেলায় মোট সাতটি ইটভাটা আছে। যার মধ্যে পাঁচটি ইটভাটায় পরিবেশবান্ধব জিগজ্যাগ স্থায়ী চিমনি রয়েছে। এ ছাড়া বাকি দুটি ইটভাটা ড্রাম চিমনি পদ্ধতির।
উপজেলার হ্নীলার মেসার্স এম এইচ ব্রিকসের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ২৫ বছর ধরে ভাটায় ইট উৎপাদন চলছে। আগে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহৃত হতো। ১১ বছর ধরে কয়লা দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এ ভাটায় ইট উৎপাদনে শ্রমিকসহ ২০০ লোক জড়িত। সে হিসাবে ২০০ পরিবার এ ভাটার ওপর নির্ভরশীল। তাঁদের কথা বিবেচনা করে কয়লার অভাবে ধানের তুষ দিয়ে কোনোরকমে ইটভাটা চালু রাখা হয়েছে।
মের্সাস ই বি ব্রিকসের ব্যবস্থাপক এরশাদুর রহমান জানান, কয়লা সংকটের কারণে ইট পোড়ানো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। চলতি মৌসুমে এক কোটি ২০ লাখ ইট উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত ৩৫ লাখ ইট পোড়ানো সম্ভব হয়েছে।
উপজেলা ভাটা মালিক সমিতির সাধারণ সমপাদক মো. হাশেম জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে স্থায়ী চিমনির জিগজ্যাগে রূপান্তর করতে ভাটা প্রতি প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে। এখন কয়লার অভাবে জিগজ্যাগ ভাটার মালিকেরা সংকটে পড়েছেন। অবিলম্বে কয়লার বাজার নিয়ন্ত্রণে সরকার উদ্যোগ না নিলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।