টেকনাফে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মামলার আলামত
কক্সবাজারের টেকনাফ থানায় করা বিভিন্ন মামলার আলামত ও জব্দ করা যানবাহন রাখা হয়েছে খোলা আকাশের নিচে। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে এসব আলামত নষ্ট হয়ে যাচ্ছে।
পুলিশ কর্মকর্তারা জানান, এসব আলামতই মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আদালতে উপস্থাপিত হয়ে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘উদ্ধার করা যানবাহন পাহারা দেব, নাকি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করব, সেটা নিয়ে চিন্তায় থাকতে হচ্ছে।’
থানা-পুলিশ সূত্র জানায়, চোরাচালান, মাদকদ্রব্য, হত্যা, দুর্ঘটনা, মারামারিসহ বিভিন্ন মামলার অভিযোগের সত্যতা প্রমাণের অংশ হিসেবে পুলিশকে বিভিন্ন ধরনের আলামত সংরক্ষণ করতে হয়। আদালতে মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে এসব আলামত অনেক জরুরি। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচারের জন্য এসব আলামত আদালতে পাঠানো হয়। অথচ এসব আলামত খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। থানার অভ্যন্তরে বিভিন্ন মামলার আলামত হিসেবে রাখা হয়েছে বেশ কিছু যানবাহন। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় কিছু যানবাহনের গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রাংশই আর নেই। অথচ যে মামলার আলামত হিসেবে যানবাহনগুলো জব্দ বা আটক করা হয়েছিল, ওই সব মামলা এখনো শেষ হয়নি।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, টেকনাফ থানা প্রাঙ্গণের মূল ভবনের সামনে ও দক্ষিণ পাশে খোলা জায়গায় মামলার আলামত পড়ে আছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল ৬১টি, সিএনজিচালিত অটোরিকশা ১৩টি, ব্যাটারিচালিত ইজিবাইক ৩টি, জিপ ৩টি, মিনি পিকআপ ৪টি, মাইক্রোবাস ২টি, কার ৩টি, রিকশা ২টি ও কাঠের নৌকা ৫টি। এ ছাড়া মূল ভবনে ঢুকে হাজতখানার সামনে প্রাচীরে ঝুলতে দেখা যায় মুখ বাঁধা ছোট ছোট কয়েকটি ব্যাগ। এসব ব্যাগে রাখা হয়েছে ঘটনার সময় ব্যবহৃত রক্তমাখা কাপড়সহ জব্দ করা বিভিন্ন মালামাল।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচারের জন্য আদালতে আলামত পাঠানো হয়। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগ পর্যন্ত আলামতগুলো থানার পুলিশের হেফাজতেই থাকে। এ কারণে মামলার আলামতগুলো সযত্নে রাখা প্রয়োজন। কিন্তু অধিকাংশ মালামাল রাখা হলেও কিছু আলামত বাইরে রাখতে হচ্ছে।
ওসি বলেন, মালিকবিহীন জব্দ করা যানবাহনগুলো নিলামের জন্য আদালতের নির্দেশনার চেয়ে আবেদন করা হয়েছে। এসব যানবাহনের মালিকানাও কেউ দাবি করছে না, তাই খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হওয়ার চেয়ে নিলামের ব্যবস্থা করা হলে সরকারের কোষাগারে লাখ লাখ টাকা জমা হবে।