টেকনাফে ঘরে ঘরে সর্দি-জ্বর ও ডায়রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ঘরে ঘরে সর্দি-কাশি, ভাইরাস জ্বর ও ডায়রিয়া দেখা দিয়েছে। এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন অনেক রোগী টেকনাফ হাসপাতালের বহির্বিভাগ ও চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে আসছেন বলে জানা গেছে। চিকিৎসকেরা দাবি করছেন, পাঁচ শতাধিক রোগী হাসপাতাল ও বাইরের চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। টেকনাফ উপজেলা হাসপাতাল ও বিভিন্ন এলাকার চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, টেকনাফ পৌর এলাকাসহ ছয়টি ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রায় ঘরে সর্দি-কাশি, ভাইরাস জ্বর ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এমনকি একসঙ্গে একই পরিবারের তিন-চারজনই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এসব রোগ গুরুতর নয় ভেবে অনেকেই হাসপাতালে না গিয়ে পল্লি চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা বা পরামর্শ নিচ্ছেন।সূত্র জানায়, ঋতু পরিবর্তনের কারণে হঠাৎ করে কখনো বৃষ্টিপাত হচ্ছে, আবার হঠাৎ ভাপসা গরম পড়ছে। এ পরিস্থিতিতে লোকজন বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার খেয়ে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জ্বরে আক্রান্তদের শরীরে তাপমাত্রা ১০১ থেকে ১০৪ ডিগ্রি পর্যন্ত ওঠা-নামা করে। সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের বাসিন্দা আবদুল করিম বলেন, ‘গত সপ্তাহে তিনি ও তাঁর স্ত্রীসহ পরিবারের সাত সদস্য একে একে সর্দি-কাশি ও ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন এবং এক সপ্তাহ পর্যন্ত কষ্ট পেয়েছেন।’পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার বাসিন্দা খলিলুর রহমান ও বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামের বাসিন্দা সুলতান আহমদ জানান, দুই পরিবারের তিনজন করে সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের টেকনাফ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান প্রথম আলোকে বলেন, মৌসুম পরিবর্তনের কারণে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। কয়েক দিন ধরে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি ভাপসা গরম অনুভূত হচ্ছে। প্রতিদিন ডায়রিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, ‘ঋতু পরিবর্তনের সময় এ ধরনের রোগ দেখা দেয়। এতে মূলত শ্বাসনালি আক্রান্ত হয়। ভাইরাস জ্বরের পাশাপাশি সর্দি, কাশি, গলা ও গা ব্যথা, চোখ লাল হওয়া ইত্যাদি লক্ষণও দেখা দেয়। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পাঁচ-সাত দিনের মধ্যে জ্বর সেরে যাবে।’ তিনি আরও বলেন, হাসপাতালের বহির্বিভাগে ও চিকিৎসকের কার্যালয়ে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রচণ্ড গরমে বাচ্চাদের ঘাম হচ্ছে। ঘাম বসে গিয়ে ঠান্ডা থেকে ভাইরাসজনিত জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বাংলাদেশ গ্রাম্য চিকিৎসক কল্যাণ সমিতির টেকনাফ উপজেলা শাখার সভাপতি জয়শঙ্কর নাথ প্রথম আলোকে জানান, কিছু কিছু রোগীকে তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে। পুরো উপজেলায় ১৭০ জন পল্লি চিকিৎসক দিনে তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা দিচ্ছেন।এদিকে সেন্ট মার্টিনেও ভাইরাস জ্বরের প্রকোপ দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে সেখানে ভর্তির সুযোগ না থাকায় রোগীরা কেবল বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছে। ১০ শয্যার সেন্ট মার্টিন হাসপাতালের চিকিৎসক এনামুল হক বলেন, এ হাসপাতালে অভ্যন্তরীণ বিভাগ এখনো চালু হয়নি। তাই বহির্বিভাগে রোগী দেখে কিছু ওযুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী বলেন, মৌসুম পরিবর্তনের কারণে এ ধরনের ভাইরাসজনিত রোগ দেখা দেয়। আক্রান্ত রোগীদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পরামর্শ দেন তিনি।