টেকনাফে ট্রেকিংয়ে
সকালের সূর্য নাফ নদীতে গোসল সেরে ঊর্ধ্বমুখী। নদীর কূল ধরে বেড়ে উঠেছে ম্যানগ্রোভ বনাঞ্চল। শ্বাসমূলের সঙ্গে পানির বোঝাপড়াটাও দারুণ। অদ্ভুত এক ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে শান্ত পানির মতো। টেকনাফের নেটংপাড়া গ্রামে দাঁড়িয়ে আমরা দেখছি এমন পরিবেশ। নাফের ওপারে মিয়ানমার সীমান্ত এলাকা। চোখ স্থির করে দেখলাম মিয়ানমার সীমান্ত এলাকা। নদীতে অর্ধচাঁদের আকৃতিতে সাম্পানের আনাগোনাও নেহাত মন্দ নয়। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে গাড়িতে উঠে বসল সবাই। এবারের যাত্রা পাহাড়ে। কয়েক মিনিটের ভেতরেই আমরা এসে পৌঁছালাম টেকনাফের দমদমিয়ায় অবস্থিত নেচার পার্কে। বন বিভাগের সঙ্গে এই অঞ্চলে বন ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিসর্গ নেটওয়ার্ক (আইপ্যাক)। গর্জন, তেলসুর, বহেড়া, চাপালিশ, হরীতকীসহ নানা গাছে ঘেরা ঘন সবুজ বন। আইপ্যাকের এন্টারপ্রাইজ অফিসার গোলাম মোস্তফা জানান, ‘টেকনাফের এই নেচার ফরেস্ট দর্শনার্থীদের জন্য অন্য রকম পাওয়া। কারণ, এখানে ট্রেকিং পথে মিলবে নানা রকমের পাখি আর বন্য প্রাণীর, যা পুরোটাই প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে।’নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে আমরা রওনা হলাম ট্রেকিংয়ে। তিন গাইডসহ আমাদের ট্রেকিং সহযাত্রী মোট ১২ জন। গাইড ইদ্রিস জানালেন, ‘এখানে পায়ে হেঁটে পাহাড়ে ওঠার মোট তিনটি পথ রয়েছে।’নীলাঞ্জনা, নীপবন ও নির্ঝর ট্রেইল। তিনটি পথের দূরত্বও ভিন্ন ভিন্ন। আমরা বেছে নিলাম অপেক্ষাকৃত বড় ট্রেইলটি। গাইডরা জানালেন, সব মিলিয়ে আমাদের হাঁটতে হবে মোট ঘণ্টা তিনেক। হাঁটার পথটি বেশ গা-ছমছমে। পাখির ডাক আর বনের শন শন শব্দে পুরো এলাকা গম্ভীর। এখানে হাঁটতে হবেও সতর্কতার সঙ্গে। চোখ-কান খোলা রেখে। কারণ, চোখ দিয়ে দেখবেন আর কান দিয়ে শুনবেন। উঠতি পথেই বুঝবেন পাহাড়ি রাস্তা কাকে বলে, কয় প্রকার ও কী কী? একটু বেখেয়ালেই পা ফসকাতে পারে। চলতি পথের কোথাও ঝিরি ঝিরি পাহাড়ি ছড়া বেয়ে নামছে স্বচ্ছ জলের ধারা। বেশ কয়েকটি ছোট কাঠের সাঁকোও পার হতে হবে এখানে। ঘন সবুজ বনের ভেতরে চুপচাপ থাকলেই দেখা মিলতে পারে বন্য প্রাণী হাতি, হরিণ বা বানরের। শুনে সবাই যেন চুপ। তবে হাতির দেখা না মিললেও বানরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমাদের। খানিকটা স্বভাবজাত ভঙ্গিতেই মুখ কুঁচকে, পা উঁচিয়ে বানরগুলো কিছুক্ষণের ভেতরেই মিলিয়ে গেল জঙ্গলের ভেতর। ট্রেকিংয়ে ওপরে ওঠা যতটা সহজ, তার চেয়ে নিচে নামা বড্ড কঠিন। সেটা হাড়ে হাড়েই টের পেলাম সবাই। বনের পথ ছেড়ে এবার আমরা সোজা সমুদ্র স্নানে। টেকনাফ শহর থেকে পাঁচ কিলোমিটার এগোলেই মহেশখালীপাড়া। এখানে সমুদ্রকে দেখা যায় ভিন্ন রূপে। কক্সবাজারের সৈকত থেকে টেকনাফের এই সৈকত আপনাকে দেবে আলাদা ভালো লাগা। পাড়ে ভেড়ানো কয়েক শ রঙিন সাম্পান আপনাকে স্বাগত জানাবে। পুরোদস্তুর নিরিবিলি এই সৈকতে প্রিয়জনকে নিয়ে উপভোগ করতে পারেন সমুদ্রের সম্পূর্ণ বিশালতা। নিরিবিলি সমুদ্র, পাহাড় ট্রেকিং, নাফ নদী ছাড়াও টেকনাফে বেড়াতে পারেন কুদুমগুহা বা মাথিনের কূপ। ভ্রমণের এক ফাঁকে কেনাকাটা সারতে পারেন বার্মিজ মার্কেটে। চকলেট, আচার, পোশাক বা স্যান্ডেল—সবকিছুই পাবেন এখানে একটু আলাদা। সব মিলিয়ে চমৎকার সময় কাটবে আপনার। যেভাবে যাবেনঢাকা থেকে সরাসরি কক্সবাজার ও টেকনাফের বাস আছে। রাজধানীর কলাবাগান, কল্যাণপুর, সায়েদাবাদ ইত্যাদি স্থান থেকে টিকিট কাটতে পারেন। এ ছাড়া কক্সবাজার থেকেও যেতে পারেন। কক্সবাজার থেকে ১০ মিনিট পর পর টেকনাফে বাস ছেড়ে যায়। ঘণ্টা দুয়েক লাগবে কক্সবাজার থেকে টেকনাফে যেতে। এ ছাড়া বিভিন্ন স্থানে ঘোরার জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন দিনব্যাপী। টেকনাফ ভ্রমণের নানা তথ্য পাবেন এই ওয়েবসাইটেwww.nishorgo.orgযেখানে থাকবেনটেকনাফে অনেক হোটেল আছে রাত যাপনের জন্য। আছে পর্যটন করপোরেশনের আবাসিক সুবিধা। এ ছাড়া বন বিভাগের অনুমতি নিয়ে থাকতে পারেন ফরেস্ট রেস্টহাউসে।