টেকনাফে ডাকাত আতঙ্কে গ্রামবাসীর রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের উপকূলীয় এলাকা বাহারছড়া ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ ডাকাত আতঙ্কে রয়েছেন। প্রায় সপ্তাহে একাধিক ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতের কবল থেকে গবাদিপশু, জাল, নৌকা, ধানচালসহ সহায়-সম্পদ রক্ষার জন্য এলাকাবাসী সন্ধ্যার পর থেকে দলবেঁধে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন। অনেকে সন্ধ্যার পর বিশেষ করে পাহাড়ের কাছের বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন সদর এলাকার আত্মীয়-স্বজনদের বাড়িতে। গত ১৫ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে ফেরেন বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের নুরুল হোসাইন। ওইদিন সন্ধ্যায় পরিবারের সাত সদস্যকে নিয়ে নিজবাড়ি থেকে সদরের দিকে যাওয়ার সময় জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকায় ডাকাতের উপদ্রব বেড়েছে। তাই নিরাপদ আশ্রয়ের জন্য শ্বশুরবাড়ি চলে যাচ্ছি।’ এদিকে, ডাকাতের ভয়ে হোয়াইক্যং-শামলাপুর সড়কে গাড়ি চলাচল করছে পুলিশ পাহারায়। পুলিশ না থাকলে সড়কে প্রতিবন্ধক দিয়ে যাত্রীদের টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নের কোনো না কোনো বাড়িতে ডাকাতি এমনকি পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ ডাকাতির জায়গায় চুরির মামলা নিচ্ছে। স্থানীয় লোকজন জানান, গত ৫ সেপ্টেম্বর নোয়াখালীপাড়া গ্রামের মো. ইলিয়াসের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে ১০-১২ সদস্যের ডাকাতদল। এ সময় বাড়ির শ্রমিক নুর আহমদ প্রতিরোধে এগিয়ে এলে তাঁকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে ডাকাতেরা। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজনসহ পাশের সড়ক দিয়ে চলাচলকারী জিপের (চাঁদের গাড়ি) যাত্রীরা এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। এ সময় ডাকাতের গুলিতে জিপের চালক টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. ইউনুচ (২৫) ঘটনাস্থলে মারা যান। গত ৯ ও ১৭ সেপ্টেম্বর মারিষবনিয়া ও শীলখালী গ্রামের জহির হোসেন ও আব্দুল করিমের বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে আটকে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাপড় নিয়ে যায়। জানা যায়, জুলাইয়ের শেষ এবং আগস্টের প্রথম সপ্তাহে এলাকার প্রায় অর্ধশতাধিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে নবী হোসেন, সেলিম উল্লাহ, করিম সওদাগর, সৌদি প্রবাসী আব্দুর রহিম, কবির আহমদ, ফজল আহমদ, দুবাই প্রবাসী খুইল্ল্যা মিয়া, আবুল কালাম ও আব্দুল জলিলের বাড়ি এবং হোয়াইক্যং-শামলাপুরে সড়কে ডাকাতির ঘটনায় মামলা করতে গেলে পুলিশ এসব ডাকাতিকে ‘চুরির ঘটনা’ উল্লেখ করে মামলা নিয়েছে।শামলাপুর ও জাহাজপুরা এলাকার পাহারাদার কমিটির সভাপতি ছৈয়দুর রহমান ও আলী হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ডাকাতের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। কোনো বাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার পাওয়া না গেলে বাড়ির সবাইকে বেঁধে বেদম প্রহার ও তাণ্ডব চালায় ডাকাতেরা।’ বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ সাইফুল্লাহ বলেন, স্থানীয় ফাঁড়িতে নতুন পুলিশ কর্মকর্তা বিলাল হোসেন যোগ দেওয়ার পর থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যদের নেতৃত্বে বিভিন্ন পরিবারের লোকজন নিয়ে গ্রাম পাহারাদার কমিটি গঠন করে রাতভর পাহারার ব্যবস্থা করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন স্বীকার করে বলেন, উপকূলীয় সমুদ্রসৈকত ও পাহাড়ি এলাকায় মিয়ানমারের রোহিঙ্গারা অবৈধভাবে বসবাস করায় ডাকাত চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় ডাকাতির অভিযোগের ব্যাপারে সন্দেহ জাগলে চুরির ঘটনা হিসেবে নেওয়া হয়। তিনি আরও বলেন, এখানে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও যানবাহন এবং লোকবলের অভাবে দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। তিনি জানান, পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অপরাধে ১৮টি মামলা দায়ের এবং ৪৭ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুচ বাঙালি বলেন, এলাকায় পুলিশের লোকবল বাড়ানো জন্য জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রস্তাব করা হয়েছে। জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।