টেকনাফে তিন দিনের জলকেলি উৎসব
কক্সবাজারের টেকনাফে হ্নীলার চৌধুরীপাড়া রাখাইনপল্লিতে উদ্যাপিত হলো তিন দিনব্যাপী রাখাইন সম্প্রদায়ের উৎসব ‘সাংগ্রাং পোয়ে’। নতুন রাখাইন অব্দ শুরু হওয়ার দুদিন পর উৎসবের আয়োজন করেন তাঁরা। উৎসব শুরু হয় ১৯ এপ্রিল। জলে শরীর ভিজিয়ে নতুন বছরকে বরণ করার এই উৎসব ‘জলকেলি’ নামে পরিচিত।
হ্নীলার রাখাইনপল্লির সভাপতি মং বা ছিং বলেন, রাখাইন অব্দের নতুন ১৩৭৮ সালকে বরণ এবং পুরোনো ১৩৭৭ সালকে বিদায় জানাতে জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্দেশ্য হচ্ছে ভেদাভেদ ভুলে সব মানুষের জন্য মঙ্গল কামনা করা, সবাইকে ভালোবাসা।
গত মঙ্গলবার বিকেলে হ্নীলার চৌধুরীপাড়ার রাখাইনপল্লিতে গিয়ে দেখা যায়, প্রতিটি মণ্ডপ সেজেছে রঙিন সাজে। রাখাইন তরুণ-তরুণীরা বাদ্যযন্ত্রের সঙ্গে নেচে-গেয়ে উল্লাস করছেন। প্রত্যেকের হাতে জলভর্তি পাত্র। একে অপরকে জল ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন তাঁরা।
রাখাইন তরুণীরা জানান, জলকেলির জন্য তাঁরা সারা বছর অপেক্ষায় থাকেন। উৎসবের তিন দিন ঐতিহ্যবাহী পোশাকে মণ্ডপে তরুণদের জন্য অপেক্ষায় থাকেন তরুণীরা। তারপর একে অপরের প্রতি পবিত্র জল ছুড়ে আনন্দে মেতে ওঠেন। নতুন বছর যেন সবার ভালো ও সুন্দরভাবে কাটে তার জন্য প্রার্থনা করেন সবাই।
গত বৃহস্পতিবার জলকেলি উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এইচ কে আনোয়ার প্রমুখ।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, জলকেলি উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এর পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণভাবেই ২১ এপ্রিল উৎসব শেষ হয়েছে।