টেকনাফে তিন সপ্তাহ ধরে বেড়েছে সুপারির দাম
কক্সবাজারের টেকনাফে মৌসুমের শুরুতে সুপারির দাম কম থাকায় হতাশ হয়ে পড়েন চাষিরা। তবে তিন সপ্তাহ ধরে সুপারির দাম বাড়ায় চাষিরা স্বস্তিতে রয়েছেন। এখানকার উৎপাদিত সুপারি এখন প্রতিদিনই সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
বাগানের মালিক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফলন বেশি হওয়ায় মৌসুমের শুরু থেকে হাটবাজার সুপারিতে সয়লাব ছিল। তার ওপর ভারত থেকে চোরাইপথে সুপারি আসার কারণে টেকনাফের চাষিরা অর্ধেক দামে সুপারি বিক্রি করতে বাধ্য হন।
চাষিরা বলেন, মৌসুমের শুরুতে সেপ্টেম্বর মাসে এক পণ (৮০টি) সুপারির দাম ছিল ৯০-২০০ টাকা। এখন সেই সুপারি স্থানীয় হাটবাজারের আকার ভেদে বিক্রি হচ্ছে ২৩০-৩৫০ টাকায়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলার ছয়টি ইউনিয়নে ছোট-বড় প্রায় চার হাজারের মতো সুপারির বাগানে চলতি মৌসুমে ১ হাজার ২৫০ হেক্টর (৩ হাজার ৮৮ একর) জমিতে সুপারির আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ২২ মেট্রিক টন হিসেবে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫০০ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৩০ হাজার মেট্রিক টন। টেকনাফ সদর, বাহারছড়া ও সাবরাং ইউনিয়নের ৮০ শতাংশ পরিবার সুপারির আয়ের ওপর নির্ভরশীল
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার থানার সামনে ও টেকনাফ-কক্সবাজার সড়কের বাসস্টেশনসংলগ্ন হোটেল দ্বীপ প্লাজার সামনে ফুটপাতে সুপারির পসরা নিয়ে বসেছেন চাষিরা। পাইকাররা চাষিদের কাছ থেকে সুপারি কিনে এক স্থানে জড়ো করে পরে বস্তায় ভরে ট্রাকে বোঝাই করছেন।
সাবরাং আলীর ডেইলের চাষি নুরুল আমিন বলেন, দাম বেড়ে যাওয়ায় চাষিদের ঘরে উৎসবের আমেজ চলছে। এক পণ সুপারি বিক্রি করে আগের চেয়ে দ্বিগুণের বেশি পাওয়া যাচ্ছে।
টেকনাফে সুপারি ব্যবসায়ী মোক্তার আহমদ, জাহাঙ্গীর আহমদ, আয়ুব আলী ও মো. শাহাজাহান বলেন, প্রতি সপ্তাহের রিব ও বৃহস্পতিবার হাটবাজার থেকে ট্রাকভর্তি করে সুপারি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
তাঁরা বলেন, ভারত থেকে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও কুমিল্লা সীমান্ত দিয়ে চোরাই পথে সুপারি আসা বন্ধ হয়েছে। ফলে সুপারির দাম বেড়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সুপারির জন্য টেকনাফ উপজেলা বিখ্যাত। এখানকার সুপারির কদর রয়েছে সারা দেশে।