টেকনাফে দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি পানচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পানের বাম্পার ফলন হয়েছে টেকনাফে। গত মৌসুমের চেয়ে এবার পানের দামও চড়া। কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নেওয়ার কারণে কমদামে পান বেচতে বাধ্য হচ্ছেন চাষিরা। ব্যাংকগুলোতে কৃষিঋণের ব্যবস্থা থাকলেও অধিকাংশ কৃষক তা নিতে উৎসাহী নন। ঋণ নিতে গেলে ঘুষ এবং বারবার ধরনা দিতে হয় বলে অভিযোগ কৃষকের। এ ছাড়া পান সংরক্ষণের জন্য কোনো ছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে পান। ফলে আড়তদারদের কাছে কমদামে পান বেচতে বাধ্য হচ্ছেন তাঁরা। এতে হতাশ টেকনাফের পানচাষিরা।কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে পুরো উপজেলায় এক হাজার ২২৮ হেক্টর পাহাড়ি ঢালু, টিলা ও পতিত জমিতে পান চাষ হয়েছে। পানের বরজের সংখ্যা সাড়ে তিন হাজার এবং পানচাষি রয়েছেন ১৫ হাজার ৪৭৮ জন। একটি পানের বরজ এক-দেড় বছর পর্যন্ত টিকে থাকে। গত বছর প্রায় ৭০ কোটির টাকার পান বিক্রি হলেও চলতি মৌসুমে ১২০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে কৃষি বিভাগ জানায়। স্থানীয় চাষিরা অভিযোগ করে বলেন, সরকারিভাবে কৃষিঋণের ব্যবস্থা থাকলেও সহজে পাওয়া যায় না। ফলে দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন পানচাষিরা। সরকার প্রতিবছর পানের বাজার ইজারা দিয়ে কোটি টাকার রাজস্ব আদায় করলেও হয়নি এই বাজারের উন্নয়ন। নির্দিষ্ট ছাউনি না থাকায় সড়কের ওপরে পান নিয়ে বসছেন ব্যবসায়ীরা। এ কারণে প্রতি সপ্তাহে রোববার ও বুধবার টেকনাফ-কক্সবাজার সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের পানচাষি ফরিদ আলম ও চৌকিদারপাড়ার আমির আহমদ বলেন, চলতি বছর পাহাড়ি পতিত জমিতে প্রচুর পানের চাষ হয়েছে। ফলনও আশানুরূপ হয়েছে। কিন্তু রোদে পুড়ে পান নষ্ট হওয়ায় বাধ্য হয়ে কমদামে পান বেচতে বাধ্য হচ্ছেন বলে তাঁরা জানান।ডেইলপাড়ার পানচাষি সোলতান আহমদ বলেন, প্রতি বিড়া পানের দাম গত বছর ৪০-৬০ টাকা ছিল। এ বছর তা বেড়ে হয়েছে ৯০-১২০ টাকা। পানচাষি ওসমান গনি বলেন, ব্যাংকের কাছ থেকে ঋণ পেতে হলে ঘুষ দিতে হয়।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, টেকনাফের প্রকৃত পানচাষিদের অনেকরই নিজস্ব জমি নেই। ফলে অধিকাংশ চাষি জমি বর্গা নিয়ে পান চাষ করেন। বরজ তৈরির জন্য গাছ, বাঁশসহ বিভিন্ন উপাদান প্রয়োজন হয়। ফলে খরচ মেটাতে দাদন ব্যবসায়ীদের কাছ টাকা নেন চাষিরা। হয়রানির শিকার হতে হয় বলে ব্যাংকের কাছে যান না তাঁরা।এ ব্যাপারে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. দলিলুর রহমান বলেন, লবণ ছাড়া অন্য কোনো কৃষি খাতে এ শাখা থেকে ঋণ দেওয়া হয়নি। তবে পানচাষিরা চাইলে প্রাথমিকভাবে ২০-৩০ হাজার টাকা ঋণ পাবেন।টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাসান আহমদ বলেন, নির্দিষ্ট ছাউনি ও বাজার না থাকায় টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর হাটবাজার বসছে। হাটবাজারের নির্দিষ্ট ছাউনি ও বাজারের স্থান নির্ধারণের একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, টেকনাফ-কক্সবাজার সড়ক দখল করে হাটবাজার বসায় ওই দুদিন পর্যটকসহ স্থানীয় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।