
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে প্রচুর গবাদিপশু এলেও হাটে দেশি গরুর চাহিদা বেশি। ফলে বিক্রেতারাও দেশি গরুর জন্য চড়া দাম হাঁকছেন। এতে স্থানীয় খামারিরা লাভের মুখ দেখেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামে টেকনাফের শাহপরীর দ্বীপ ও টেকনাফ উচ্চবিদ্যালয় মাঠে প্রতিবছরের মতো এবারও পশুর হাট বসেছে। এ দুটি হাটে মিয়ানমার থেকে আমদানি করা পশুর সংখ্যা বেশি। তবে কিছুদিন ধরে শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকা দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় কম পশু আসছে। ঢাকা ও চট্টগ্রামের হাটগুলোতেই মিয়ানমারের পশুর চাহিদা বেশি। ফলে পশু কিনতে এই দুই এলাকার ব্যবসায়ীরা টেকনাফের হাটে ভিড় করছেন।
স্থানীয় কয়েকজন পশু ব্যবসায়ী জানান, মিয়ানমার থেকে আনা পশু রাজস্ব দিয়ে বৈধ করে দেশের নানা অঞ্চলের হাটে নেওয়া হয়। তবে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের একটা অংশ ভাঙা থাকায় যাতায়াত খরচ বেশি পড়ছে।
হাটবাজার ঘুরে দেখা গেছে, মিয়ানমারের পশুর পাশাপাশি খামারিরা উপজেলার বিভিন্ন স্থান থেকে পশু এনে বিক্রি করছেন। দেশি পশুর চাহিদা বেড়ে যাওয়ায় দামও চড়া। দেশি জাতের মাঝারি আকারের গরু ৪০-৬০ হাজার এবং বড় আকারের গরুর জন্য ৭০ হাজার থেকে তিন লাখ টাকা দাম হাঁকছেন খামারিরা। আর মিয়ানমারে মাঝারি আকারের গরু ৩০-৫৫ হাজার টাকা, বড় আকারের গরু ৭০-৯০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
টেকনাফ সদরের গোদারবিলের খামারি মোক্তার আহমদ বলেন, ‘ছয় মাস আগে বাজার থেকে এক লাখ ২০ হাজার টাকায় দুটি গরু কিনেছিলাম। সেগুলো পরিচর্যার পেছনে দুজন শ্রমিক কাজ করেছেন। কোরবানির প্রথম হাটে দুটি গরুর দাম উঠেছে চার লাখ টাকা। দেশি পশুর দাম বেশি হওয়ায় বাজারদর যাচাই করে গরু দুটি বিক্রি করব।’ তবে মিয়ানমার থেকে পশু আমদানি করেছেন যাঁরা, তাঁদের অনেকেই কাঙ্ক্ষিত লাভ করতে পারেননি। শাহপরীর দ্বীপের পশু ব্যবসায়ী মাওলানা নুরুল হক বলেন, ‘মিয়ানমার থেকে ১১০টি গবাদিপশু আমদানি করেছি। স্থানীয় হাটে দেশি জাতের পশুর চাহিদা বেশি হওয়ায় মিয়ানমারের পশুর দাম কমে গেছে। তাই চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার ব্যবসায়ীদের কাছে প্রতিটি পশু ৩৫-৪৭ হাজার টাকায় বিক্রি করেছি।’
কাস্টমস সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ পর্যন্ত মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপ করিডর দিয়ে আট হাজার ৭৭১টি গরু, তিন হাজার ৫৮০টি মহিষ ও দুই হাজার ৯২৩টি ছাগল আমদানি হয়েছে। রাজস্ব আদায় করা হয়েছে ৭০ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।
জানা গেছে, বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দাদের মাংসের চাহিদা পূরণ করতে সরকার ২০০৩ সালের ২৫ মে টেকনাফের শাহপরীর দ্বীপে করিডরটি চালু করে। তখন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এ করিডর থেকে গবাদিপশু কিনে জেলা ও বিভাগীয় শহরের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন।
টেকনাফ শুল্ক স্টেশনের কাস্টমস সুপার নূরে আলম জানান, ‘শাহপরীর দ্বীপ করিডর দিয়ে এখন প্রচুর কোরবানির পশু আসছে। বেড়েছে সরকারের রাজস্ব আয়ও। কোরবানির ঈদের আরও কয়েক দিন বাকি রয়েছে, তাই আরও বেশি করে পশু আনার জন্য স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করছি।’