টেকনাফে নয়জন প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার
কক্সবাজারের টেকনাফে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তালিকভুক্ত নয়জন প্রতিবন্ধীর কাছে হুইলচেয়ার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, পৌর মেয়র মো. ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বখতিয়ার আলম, সমাজসেবা কর্মকর্তা মো. সিরাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহির উদ্দিন প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে হুইলচেয়ারগুলো বরাদ্দ দেওয়া হয়। হুইলচেয়ার পেয়েছেন টেকনাফ পৌরসভার খানকার ডেইলের ফাতেমা বেগম, পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার মো. ইউসুফ, সাবরাং খয়রাতিপাড়ার আবুল হোসেন, টেকনাফ সদরের লেঙ্গুরবিলের মো. ইউনুচ, বড় হাবিরপাড়ার জামাল হোসেন, সেন্ট মার্টিনের মো. আমিন, হোয়াইক্যং কানজরপাড়ার মো. শাকের, বাহারছড়ার শীলখালীর মাশুকা বেগম ও হ্নীলার জাদিমোরার নজির হোসেন।
ফাতেমা বেগম বলেন, ‘জন্মের পর থেকে আমি পরিবারে বোঝা হয়ে ছিলাম। কোথাও চলাফেরা করতে হলে অন্য একজনের আমাকে নিয়ে ব্যস্ত থাকতে হতো। এখন হুইলচেয়ার পাওয়ায় নিজে চলাফেরা করতে পারব।’