টেকনাফে পরিসংখ্যান কর্মকর্তার পদ শূন্য ১৭ বছর ধরে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১৭ বছর ধরে পরিসংখ্যান কর্মকর্তার পদ শূন্য রয়েছে। বর্তমানে একজন জুনিয়র পরিসংখ্যান সহকারী দিয়ে চলছে কার্যালয়ের সব কার্যক্রম। ফলে, ব্যাঘাত হচ্ছে মাঠপর্যায়ের জরিপকাজ।
উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্র জানায়, ১৯৯৭ সালে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নজরুল ইসলাম টেকনাফ থেকে বদলি হয়ে যাওয়ার পর এখানে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। অথচ একজন পরিসংখ্যান কর্মকর্তা, দুজন জুনিয়র পরিসংখ্যান সহকারী ও একজন চেইনম্যানের পদ রয়েছে এখানে। বর্তমানে কর্মরত রয়েছেন জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. আবদুুল হাই। তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাঁর আর্থিক লেনদেন করার ক্ষমতা নেই। নিজের বেতন-ভাতা বিলের সই নিতে জেলার উপপরিচালকের কাছে যেতে হয়। এদিকে পর্যাপ্ত জনবল না থাকায় উপজেলার জনজীবনে জলবায়ুর প্রভাব, আদমশুমারি, কৃষি, অর্থনৈতিক, জন্ম-মৃত্যু, বিয়ে, তালাক, আগমন, বহির্গমন, শিশুমৃত্যু, শিশুবিবাহ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিবিষয়ক তথ্য হালনাগাদ করা যাচ্ছে না। এ ছাড়া আউশ, আমন, বোরো, গম, পাট, আলু, ভুট্টাসহ ১১১টি ফসলের ওপর জরিপ চালানো হচ্ছে না দীর্ঘদিন। আবদুুল হাই বলেন, ‘অফিসে চারটি পদ থাকলেও দীর্ঘদিন ধরে তিনটি পদ শূন্য রয়েছে। পিয়ন থেকে কর্মকর্তা—সব কাজ আমাকে করতে হচ্ছে।’
জানতে চাইলে কক্সবাজার জেলার পরিসংখ্যান বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান বলেন, শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃক্ষকে একাধিকবার চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।