টেকনাফে পাথর তোলার হিড়িক
টেকনাফের বিভিন্ন স্থান থেকে পাথর তোলা হচ্ছে অবাধে। এসব পাথর ব্যবহৃত হচ্ছে িবভিন্ন স্থাপনার নির্মাণকাজে। অথচ প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে পাথর তোলার ওপর সরকারি যে নিষেধাজ্ঞা রয়েছে, তা কেউ-ই মানছেন না।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ১৯৯৫ সালে সেন্ট মার্টিন, টেকনাফ ও কক্সবাজারকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। সরকারিভাবে নিষিদ্ধ করা হয় এখান থেকে বালু ও পাথর উত্তোলন, পাহাড় নিধন, শামুক-ঝিনুক ও প্রবাল-শৈবাল আহরণ এবং বিক্রি। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি নিষেধাজ্ঞা অম্যান্য করে অবাধে পাথর তুলছেন।
সরেজমিনে সেন্ট মার্টিনে গিয়ে দেখা যায়, স্বাস্থকেন্দ্র–সংলগ্ন দক্ষিণপাড়ার পাহাড়ি ছড়ার থেকে ১০-১৫ জন শ্রমিক মাটির নিচ থেকে পাথর আহরণের কাজ করছেন। মাটি খুঁড়ে পাথর তোলার পর তাতে সাত-আট ইঞ্চি সরু ছিদ্র করে বারুদ দেওয়া হয়। এরপর বারুদের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে পাথরগুলো টুকরা করা হয়। বিস্ফোরণের সময় ভূমিকম্পের মতো কেঁপে ওঠে ওই সব এলাকা।
এ ছাড়া টেকনাফের শীলবনিয়াপাড়া, ডেইলপাড়া, লম্বরী, রাজারছড়া, মিঠাপানিরছড়া, শীলখালী, কচ্ছপিয়া, জাহাজপুরা, মনখালী, হ্নীলার আলীখালী, রঙ্গিখালী ও পানখালী এলাকার পাহাড়-ছড়া থেকেও পাথর তোলা হচ্ছে।
সেন্ট মার্টিনে পাথর তোলার কাজে নিয়োজিত শ্রমিক আজিজুল ইসলাম (৪০) ও আবদুল জলিল (৩৫) বলেন, ‘পাথর উত্তোলন খুবই কষ্টের কাজ। আমরা দৈনিক ৪০০ থেকে ৪৫০ টাকা মজুরিতে কাজ করছি। এই কাজ বৈধ, না অবৈধ তা আমরা জানি না।’
বন বিভাগ সূত্র জানায়, বিভিন্ন সময় পাথর তোলার অভিযোগ রাজারছড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইউনুস, নুর মোহাম্মদ, মোহছেন আলী, মোহাম্মদ কবির, মোক্তার আহমদ ও কবির আহমদ, মিঠাপানির ছড়ার মোহাম্মদ আলী, আবদুল জলিল ও হেলাল উদ্দিন, রঙ্গিখালীর বাসিন্দা আহমদ হোসেন ও জহির আহমদ, শিলখালীর বাসিন্দা আবদুল জলিল ও কালা মিয়া এবং সেন্ট মার্টিনের বদিউর রহমান, খোরশেদা বেগম ও ও লায়লা খাতুনের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ।
এ প্রসঙ্গে মামলায়র আসামি মোক্তার আহমদ ও কবির আহমদ বলেন, ‘পাথর তুলে অন্য জন, মামলা হয় আমাদের বিরুদ্ধে।’ তাঁরা পাথর তোলোর সঙ্গে জড়িত নয় বলে জানান।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) টেকনাফের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, পাথর তোলার ফলে পরিবেশ বিপন্ন হচ্ছে। প্রভাবশালী চক্র বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে পরিবেশ ধ্বংসাত্মক এসব কাজ চালিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে জেলা দক্ষিণ সহকারী বনসংরক্ষক (এসিএফ) রেজাউল করিম চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু স্থানে পাথর তোলা হচ্ছে। এসব পাথর উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। উত্তোলনকারীদের বিরুদ্ধে গত কয়েক মাসে ২৫টি মামলা করা হয়েছে। প্রায় দুই হাজার ঘনফুট পাথর ও এ কাজে ব্যবহৃত পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে। বন বিভাগের লোকজন জড়িত থাকার ব্যাপারে বলেন, কিছু হলেই সবাই বন বিভাগের লোকজনের ওপর দায় চাপায়। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হবে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পুরো জেলায় লোকবল-সংকটের কারণে সঠিকভাবে অভিযান চালানো সম্ভব হচ্ছে না।