টেকনাফে পানের বরজে মড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে এক হাজার ৪৮২ একর জমির পানের বরজে পাতাপচা ও ছত্রাক রোগে মড়ক দেখা দিয়েছে। কৃষি বিভাগ সূত্র জানায়, মাত্রাতিরিক্ত জৈব সার ও ভারী বৃষ্টিপাতের ফলে ছত্রাক আক্রান্ত হয়ে পাতা শুকিয়ে বরজ নষ্ট হচ্ছে। হঠাৎ করে এ রোগের প্রাদুর্ভাবে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় প্রায় সাড়ে চার হাজার চাষি এবার এক হাজার ৯৭৬ একর (৮০০ হেক্টর) জমিতে এবার পানের চাষ করেছেন। এর মধ্যে বেশি চাষ করা হয়েছিল সাবরাং, বাহারছড়া, টেকনাফ সদর ও হ্নীলা ইউনিয়নে। কিন্তু ভারী বৃষ্টিপাতের পাশাপাশি মাত্রাতিরিক্ত জৈব সার ব্যবহারের কারণে পানের ফলন ভালো হয়নি। তার ওপর পাতাপচা ও ছত্রাক রোগে আক্রান্ত হয়েছে এক হাজার ৪৮২ একর জমির পান। আক্রান্ত বরজের পান কালো ও হলুদ হয়ে গেছে। বর্তমানে ৪৯৪ একর (২০০ হেক্টর) জমিতে পানের বরজ রোগমুক্ত রয়েছে।১০ ও ১১ জুলাই উপজেলার কয়েকটি পানের বরজ ঘুরে দেখা যায়, অধিকাংশ বরজের পাতায় ছোপ ছোপ কালো ও হলুদ দাগ। কয়েকজন চাষি জানান, বর্তমানে পান চাষ বেশ লাভজনক। বিদেশে পান রপ্তানি করার সুবাদে চাষিরা গত কয়েক বছর পান চাষের প্রতি বেশি ঝুঁকে পড়েছেন। কিন্তু এবার রোগাক্রান্ত পান নিয়ে চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, এ রোগ থেকে প্রতিকার চেয়ে তাঁরা স্থানীয় কৃষি কর্মকর্তার কাছে গিয়েছিলেন, কিন্তু প্রথম দিকে তাঁরা ব্যাপারটি গুরুত্ব দেননি। পরে মড়ক দেখা দেওয়ায় তিনি কীটনাশক দেওয়ার পরামর্শ দেন। তখনই অধিকাংশ বরজ নষ্ট হয়ে গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, ‘চাষিরা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা পুরোপুরি সত্য নয়। কয়েকজন চাষির সঙ্গে তাঁর বরজ নিয়ে আলাপ হয়েছে। কিন্তু তাঁরা আমাকে পাতাপচা ও ছত্রাক রোগ সম্পর্কে কিছু জানাননি।’ তিনি আরও বলেন, ‘গত কয়েক দিনে আমি সরেজমিনে পানের বরজ দেখে যা বুঝেছি, তাতে মনে হয়েছে, মাত্রাতিরিক্ত জৈব সার (খৈল) প্রয়োগ ও ভারী বৃষ্টিপাতের ফলে পাতাপচা ও ছত্রাকে আক্রান্ত হয়ে পাতা শুকিয়ে যাচ্ছে। পচাপাতাগুলো বরজ থেকে সরিয়ে পুড়িয়ে ফেলতে হবে এবং বরজে ছত্রাকনাশক ছিটাতে হবে।’ কৃষি সমপ্রসারণ কক্সবাজার পরিচালক নূরুল ইসলাম জোয়ার্দ্দার প্রথম আলোকে বলেন, ‘এটি একটি ছত্রাক আক্রান্ত রোগ, যা নিয়ন্ত্রণ করা খুবই সহজ। কৃষকদের অভিযোগ সঠিক হলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’