টেকনাফে পাসের হারে এগিয়ে মাদ্রাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের মাদ্রাসাগুলোর পাসের হার শতভাগ হলেও একটি মাত্র কলেজের ফলাফল নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। টেকনাফ ডিগ্রি কলেজের ৬২ জনের মধ্যে পাস করেছেন মাত্র ২৮ জন। অকৃতকার্য হয়েছেন ৩৪ জন। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, টেকনাফে উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠানে লেখাপড়া বলতে কিছুই নেই, এটা তারই পরিণাম। তাঁরা এ ধরনের ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন। ফলাফল বিপর্যয়ের ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ বাবুল কান্তি ভৌমিকের মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়। কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোনিয়া বড়ুয়া বলেন, ‘আমাদের এখানে ঠিকমতো লেখাপড়া হয় না বলেই ফলাফল খারাপ হয়েছে। আমি নিজেও আশা করেছিলাম জিপিএ-৫ পাব। কিন্তু তা পারিনি।’টেকনাফে এবার মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা, হ্নীলা শাহ মজিদিয়া ও মৌলভীবাজার জমিরিয়া মাদ্রাসায় শতকরা শতভাগ সাফল্য পেয়েছে। রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কামাল হোসাইন জানান, এবারের পরীক্ষায় ৩০ জন অংশ নিয়েছে। সবাই পাস করেছে। দুইজন জিপিএ-৫ পেয়েছে। এদের একজন মো. রিয়াজ বলেন, ‘ইচ্ছাশক্তি আর গভীর মনোবল থাকলে যেকোনো কাজে সফল হওয়া যায়। আমি সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছি। কারণ আমার বাবা মারা গেছেন ছোটবেলাতেই।’হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, ‘২৪ জন এবারের পরীক্ষায় অংশ নিয়েছে। সবাই পাস করলেও জিপিএ-৫ না পাওয়াতে আশানুরূপ ফলাফল হয়েছে বলে আমি মনে করছি না।’ মৌলভীবাজার জমিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফরিদুল আলম জানান, ‘এবারের পরীক্ষায় ২১ জন অংশ নিয়েছে। তবে জিপিএ-৫ না পাওয়াতে আমরা সন্তুষ্ট হতে পারিনি।’