টেকনাফে পাহাড়ে বসতি বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি বেড়েই চলেছে। ১৫টি পাহাড়ে এখন বসবাস করছে প্রায় ২০ হাজার মানুষ। গত এক বছরে পাহাড়ের পাদদেশে এক হাজারের বেশি মানুষ নতুন করে বসতি গড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলে স্থানীয় প্রশাসন একটি ঝুঁকিপূর্ণ তালিকা তৈরি ও মাইকিং করে তাদের কাজ সারে। উচ্ছেদের কোনো উদ্যোগ নেয় না।
বন বিভাগের কর্মকর্তারা জানান, উপজেলায় বন বিভাগের আওতাধীন ৩৯ হাজার একর বনভূমি রয়েছে। তার মধ্যে ১৫ হাজার একর বনভূমিতেই দখলদাররা বসতি গড়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মিয়ানমার থেকে অবৈধভাবে আসা রোহিঙ্গারাও এসব পাহাড় দখল করে ঘরবাড়ি নির্মাণ করে থাকছে। উপজেলা পরিষদসংলগ্ন ফকিরামোরা, ধুম পেরাংঘোনা, গিলাতলী, বৈদ্যরঘোনা, নাজিরঘোনা, শিয়াইল্যারঘোনা, উরুমেরছড়া, পল্লানপাড়া, নাইট্যংপাড়া, কেরুনতলী, বরইতলী, জাহালিয়াপাড়া, রোজারঘোনা, রঙ্গিখালী, আলীখালী, লেদা, জাদিমুরা, উলুচামারী, লেচুয়াপ্রাং, পানখালী, সিকদারপাড়া, সাতঘরিয়াপাড়া, কম্বনিয়াপাড়া, মরিচ্ছ্যাঘোনা, খণ্ডাকাটা, রোজারঘোনা, মিনাবাজার, আমতলী, লাতুরিখোলা, হরিখোলা, দৈঘ্যাকাটা, রাজারছড়া, হাবিরছড়া, নোয়াখালী, কচ্চপিয়া, বড়ডেইল, বাইন্ন্যাপাড়া, হলবনিয়া, আছারবনিয়া ও শামলাপুরের বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্থাপনা তৈরি করে বসতি গড়ে উঠেছে। তাঁদের কয়েকজন টাকার বিনিময়ে দখল স্বত্ব বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পাহাড়ের পাদদেশে ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘে্যর বেড়া আর টিনের একচালা ঘরে বসবাস করছে পারিবারগুলো। কোনো কোনোটি মাটির তৈরি। আবার কিছু ঘরে রয়েছে বিদ্যুৎ–সংযোগও।
এ সময় পৌরসভার নাইট্যংপাড়া এলাকার পাহাড়ে বসবাসরত আকতার হোসেন, সব্বির আলম, মো. সরওয়ার, বদি আলম ও আবু তাহের জানান, স্থানীয় পৌরসভার কাউন্সিলর মো. ইউনুছের কাছ থেকে তিন বছর আগে ৬২ হাজার টাকা করে তঁারা পাহাড়ের দখল স্বত্ব কিনে ঘর তৈরি করেছেন।
এ প্রসঙ্গে মো. ইউনুছের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো পাহাড়ের জমি বিক্রি করিনি। হয়তো এলাকার কাউন্সিলর হিসেবে তাঁরা বাঁচার জন্য আমার নাম বলেছেন।’
বন বিভাগ সূত্র জানায়, ২০১০ সালের ১৫ জুন টেকনাফের ফকিরামোরা, টুন্ন্যামোরা ও হ্নীলার সিকদারপাড়ায় পাহাড়ধসে ৩৪ জনের মৃত্যু হয়। ওই দিন দেড় শতাধিক বসতবাড়ি ভেঙে পড়ে শতাধিক লোক আহত হয়। ২০১১ সালের ১৯ জুলাই হোয়াইক্যংয়ে পাহাড়ধসে একজন মারা যায়। এ ছাড়া ২০০৯ সালের ৪ ও ৬ জুলাই টেকনাফের ফকিরামোরা ও টুন্ন্যামোরায় একই পরিবারের চারজনসহ ১৩ জন ও ১৯৮৯ সালে ফকিরামোরায় এক পরিবারের সাতজনসহ ১১ জন মারা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পাহাড়ের পাদদেশে বসবাসকারী ব্যক্তিরা জানান, চার বছর আগে পাহাড়ধসে প্রাণহানির পর সরকারিভাবে খাসজমি বরাদ্দ দেওয়ার কথা বলে একটি তালিকা তৈরি করা হলেও তঁাদের এখন পর্যন্ত কোনো জমি দেওয়া হয়নি। কোথাও যাওযার জায়গা নেই বলে তাঁরা এখানে বসবাস করছেন।
বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মীর আহমদ জানান, পাহাড়ের অবৈধভাবে বসবাসকারী কিছু কিছু এলাকার বসতঘর উচ্ছেদ করা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় উচ্ছেদ হওয়া ব্যক্তিরা পুনরায় স্থাপনা তৈরি করছে। এ জন্য সম্মিলিতভাবে উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) টেকনাফে সাধারণ সম্পাদক এ বি এম আবুল হোসেন জানান, পাহাড়ে অবৈধ বসতি দিন দিন বাড়ছে। বসতি গড়ার জন্য কাটছে পাহাড়। তা ছাড়া রোহিঙ্গারা এই এলাকার জন্য বিষফোড়া। তাদের এখনই থামানোর ব্যবস্থা নিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন শুধু তালিকা ও মাইকিং করে দায় শেষ করলে হবে না। তাদের এসব প্রতিরোধ করতে হবে।
দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম চৌধুরী জানান, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মাইকিং করে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বেশি ঝুঁকিতে বসবাসকারীদের একটি তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্দেশ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।