প্রতি মণ্ডপে ১০ থেকে ১৫ জন আনসার ও পাঁচ থেকে সাতজন পুলিশ মোতায়েন থাকবে। শৃঙ্খলা রক্ষায় থাকবে কমিউনিটি পুলিশ। কক্সবাজারের টেকনাফের পাঁচটি পূজামণ্ডপে এবার পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার। ১৫ অক্টোবর বিকেলে টেকনাফ মডেল থানায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিব পদ ভট্টাচার্য।
সভায় ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, প্রতি মণ্ডপে একজন উপপরিদর্শক দায়িত্ব পালন করবেন। ওসি নিজে পুলিশ সদস্যদের নিয়ে টহল দেবেন। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. ইসলাম, টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি নুরুল হুদা, উপপরিদর্শক (এসআই) গৌতম রায় সরকার ও উপজেলার বিভিন্ন পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিবপদ ভট্টাচার্য জানান, প্রতিবছরের মতো এ বছরও টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির, ডেইলপাড়া দুর্গা মন্দির, হ্নীলা পুরানবাজার কালী মন্দির, নাটমোরা পাড়া হরি মন্দির, বাহারছড়ার শামলাপুর বিষ্ণু মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।