টেকনাফে প্যারাবন উজাড় করে তৈরি হচ্ছে চিংড়িঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের নাফ নদীর খারাংয়ের চরে সৃজিত সংরক্ষিত প্যারাবন উজাড় করে চিংড়িঘের তৈরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ৩৫ জন প্রভাবশালী ব্যক্তি এই ঘেরটি তৈরি করছেন। এ জন্য উপকূলীয় বন বিভাগের হ্নীলা বিট এলাকার ১০ একর জায়গা ঘিরে ইতিমধ্যে মাটির বাঁধ দেওয়া শুরু হয়েছে। বাঁধ নির্মাণের জন্য কাটা পড়েছে কয়েক হাজার কেওড়া ও বাইন গাছ। সরেজমিনে ঘুরে এবং বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
বনের জায়গা দখল করে চিংড়িঘের তৈরির ব্যাপারে উপকূলীয় বন বিভাগের পক্ষে হ্নীলা বিট কর্মকর্তা আবদুল আওয়াল বাদী হয়ে গত ৩০ ডিসেম্বর টেকনাফ থানায় ৩৫ ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। কিন্তু কাজ এখনো বন্ধ হয়নি।
১০ ফেব্রুয়ারি সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকা সংলগ্ন নাফ নদীর খারাংয়ের চরে গিয়ে দেখা গেছে, কয়েকজন শ্রমিক কাদামাটি দিয়ে প্যারাবনের বাইরে বাঁধ তৈরি করছেন। নির্জন এ প্যারাবনের আশপাশে ঘরবাড়িও নেই। প্যারাবনের বিপরীতে (নাফ নদীর ওপারে) মিয়ানমার সীমান্ত।
মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিক নজির হোসেন, আলী আহমদ ও ফজল করিম জানান, দৈনিক ৩৫০ টাকা মজুরিতে তাঁরা ১২ জন চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করছেন। ঘেরের মালিক দাবিদার উনচিপ্রাং গ্রামের নুর হোসেন ও বাবুল মিয়া তাঁদের নিয়োগ দিয়েছেন। গত কয়েক দিনে কয়েক শ কেওড়া ও বাইন গাছ কাটা হয়েছে।
উপকূলীয় বন বিভাগের হ্নীলা বিট কর্মকর্তা আবদুল আওয়াল বলেন, উত্তর হ্নীলা মৌজার বিএস ৫০০১ দাগের প্রায় ১০০ একরের এই খারাংয়ের চরে ১৯৯৩ সালে বন বিভাগ ২৫ হাজারের বেশি কেওড়া ও বাইন গাছ রোপণ করেছিল। এখন ওইসব গাছের উচ্চতা ২৫ থেকে ৩৫ ফুট। কিন্তু স্থানীয় প্রভাবশালী নুর হোসেনের নেতৃত্বে ৩৫ জনের একটি দল প্রায় ১০ একরের প্যারাবন উজাড় করে (গাছ কেটে) সেখানে চিংড়িঘের তৈরি করছেন। দিনের বেলায় কয়েক দফা কাজ বন্ধ করা হলেও রাতে চলে প্যারাবন উজাড় করে চিংড়িঘেরের নির্মাণকাজ।
আবদুল আওয়াল জানান, গত বছরের ৩০ ডিসেম্বর তিনি বাদী হয়ে প্রভাবশালী নুর হোসেন, বাবুল মিয়া , মোস্তাফিজুর রহমান, মোস্তাক আহমদ, আবুল কালাম, নুরুল আলম, জিয়াউল হক, সফর মিয়া, মো. মাহবুব, মো. আলম, শফিকুর রহমান, মো. রফিকসহ ৩৫ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করেন। কিন্তু এ পর্যন্ত কেউ ধরা পড়েনি। অভিযুক্ত সবার বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের উপছিপ্রাং গ্রামে।
এ প্রসঙ্গে অভিযুক্ত নুর হোসেন ও মোস্তাফিজুর রহমান বলেন, বন বিভাগের পরিত্যক্ত চরে (জমিতে) তারা মিলেমিশে একটি চিংড়িঘের তৈরি করছেন। এতে গাছ কাটা হয়নি। ঘেরটি তৈরি হলে এলাকার শতাধিক বেকার লোকের কর্মসংস্থান হবে। এই জমিটি দীর্ঘমেয়াদি ইজারা নেওয়ার চেষ্টা চলছে।
উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, মামলা করার পর থেকে অভিযুক্তরা বাদী আবদুল আওয়ালকে মুঠোফোনে হত্যার হুমকি দিচ্ছে। প্যারাবন এলাকায় অপরিচিত লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। ফলে বনকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযুক্ত ব্যক্তিদের ধরার জন্য পুলিশি তৎপর অব্যাহত রয়েছে।