কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পান জাবেদ হাসান। কিন্তু শেষ পর্যন্ত ‘অসুস্থতার’ কারণে তিনি মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে নির্বাচনে মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী থাকল না। অন্যদিকে কাউন্সিলর পদেও একই অবস্থা। নয়টি সাধারণ ওয়ার্ডে বিএনপি–সমর্থিত প্রার্থী রয়েছেন মাত্র দুটিতে। সংরক্ষিত তিন নারী ওয়ার্ডেও বিএনপি–সমর্থিত প্রার্থী নেই।
পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে প্রার্থী দিতে পারিনি। আসলে প্রার্থী হওয়ার মতো কাউকে পাওয়া যায়নি।’
তফসিল অনুযায়ী, ২৫ মে এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় ৯ মে।
দলীয়ভাবে মনোনয়ন লাভের পরও কেন মনোনয়নপত্র দাখিল করেননি জানতে চাইলে জাবেদ হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। এ অবস্থায় নির্বাচন করা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। তাই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়ে যে ভালোবাসা দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’ নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাঁর ওপর কোনো চাপ ছিল না বলে জানান তিনি।
বিএনপির নেতা-কর্মীরা জানান, পৌরসভার নয়টি সাধারণ ওয়ার্ডের মধ্যে দুটিতে বিএনপি–সমর্থিত প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাসান আহমদ এবং ১ নম্বর ওয়ার্ডে জেলা বিএনপির সদস্য শাহ আলম। মনোনয়ন দাখিলের পর থেকে নেতা-কর্মীদের নিয়ে তাঁরা প্রচারণা চালাচ্ছেন। এদিকে বিএনপি প্রার্থী দিতে না পারায় ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগ–সমর্থিত দুজন প্রার্থী। তাঁরা হলেন স্থানীয় সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই মুজিবুর রহমান ও অপরজন সাংবাদিক আবদুল্লাহ মনির। তবে কাউন্সিলর পদে বেশির ভাগ ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত একাধিক প্রার্থী রয়েছেন।
জানতে চাইলে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের আগের দিন রাতে জাবেদ হাসান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে নতুন করে আর কোনো প্রার্থীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। এ কারণে টেকনাফ পৌরসভায় দলীয় কোনো প্রার্থী নেই।’ সাতটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এ পৌরসভায় প্রার্থীর অভাব ছিল না। দলের অনেককে প্রার্থী হতে বলেছিলাম। চেষ্টাও করেছি। কিন্তু পরিবারের কথা চিন্তা করে অনেকে প্রার্থী হতে চাননি। কারণ হুমকি-ধমকিও এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।’
হুমকি-ধমকি পেলে ওই দুই ওয়ার্ডে দুজন কাউন্সিলর পদপ্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন কীভাবে, এই প্রশ্নের জবাবে শাহাজাহান চৌধুরী বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দুজন কাউন্সিলর প্রার্থী এখনো মাঠে আছেন। দেখা যাক কী হয়।’
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও টেকনাফ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, ৬ ও ৭ নম্বর সাধারণ ওয়ার্ডে দুজন ও তার সঙ্গে মেয়র প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। কিন্তু মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তিনি উচ্চ আদালতের আশ্রয় নিয়েছেন বলে শুনেছি। এখনো নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের নির্দেশনা না পাওয়ায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা সম্ভব হচ্ছে না। ফলে সাতটি সাধারণ ওয়ার্ডে ৩২ এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডে আটজন কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মো. মোজাম্মেল হোসেন আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর টেকনাফে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই শান্তিপূর্ণ পরিবেশে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে। নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।