টেকনাফে বন্য হাতির আক্রমণে কয়েক শ একরের ফসলহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকাসহ লোকালয়ে ২০-২৫টি বন্য হাতি ১০ দিন ধরে পাকা আউশ ও রোপা আমন ধান খেয়ে ফেলছে এবং পা দিয়ে মাড়িয়ে কয়েক শ একর জমির ধান নষ্ট করে দিয়েছে। হাতির আক্রমণের ভয়ে সাধারণ মানুষ আতঙ্কিত অবস্থায় নির্ঘুম রাত কাটাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, হোয়াইক্যং ও বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকাসহ রক্ষ্যইম, লম্বাঘোনা, হরিখোলা, চাকমাপাড়া, কম্বনিয়াপাড়া, চৌকিদারপাড়া, মারিষবনিয়া, শামলাপুর, বড়ুয়াপাড়াসহ লোকালয়ে কয়েক শ একর জমির ধান খেয়ে এবং পায়ে মাড়িয়ে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দিনে হাতির পাল পাশের পাহাড়ে ঘোরাফেরা করে, বিকেলে ও রাতে লোকালয়ে নেমে আসে। তখন এলাকার নারী-পুরুষ ও শিশুরা হাতির আক্রমণের ভয়ে বাড়িঘর ছেড়ে এদিক-সেদিক ছোটাছুটি করে।বর্গাচাষি আলী আহমদ ও নজিবুল হক বলেন, ‘হাতি অনেক ধান খেয়েছে। আবার অবশিষ্টগুলো পায়ে মাড়িয়ে নষ্ট করে দিয়েছে। আমাদের ১২০ শতক পাকা আউশ ও ৬০ শতক রোপা আমনের কিছুই রাখে নাই।’এলাকাবাসী জানায়, গহিন অরণ্য ছেড়ে লোকালয়ে বন্য হাতির বিচরণের ফলে পাহাড়ি এলাকায় অন্তত তিন হাজার একর জমির ধান নষ্ট হয়। এতে প্রায় পাঁচ হাজার মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে গেছে।উপজেলা বিভাগ সূত্রে জানা যায়, পুরো উপজেলায় চলতি বছরে বিভিন্ন পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে প্রায় ১০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।হোয়াইক্যং ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ও হাবিবুল্লাহ জানান, হাতির উপদ্রবের কারণে এলাকার শত শত মানুষের শীতকালীন চাষাবাদ যেমন বন্ধ হয়ে যাচ্ছে, তেমনি অনেক মানুষের প্রাণহানিও ঘটছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক আবদুর রহমান বলেন, ‘বনাঞ্চল ধ্বংসের ফলে বন্যপ্রাণীর খাদ্য কমে আসায় বন্য হাতিরা খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। পৃথিবীর বিভিন্ন দেশে বন্যপ্রাণী নিয়ন্ত্রণ ও তাদের জন্য সরকারিভাবে খাদ্যের ব্যবস্থা করা হলেও আমাদের দেশে সে ধরনের কোনো ব্যবস্থা নেই।’ হাতির আক্রমণ থেকে বাঁচতে এসব এলাকায় বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘিরে কাঁটাতারের বেড়া নির্মাণের পরামর্শ দেন তিনি। গত পাঁচ বছরে ৩৪ জন মানুষ হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে বলেও তিনি জানান।