টেকনাফে বাঁধ ভেঙে তিন শতাধিক বাড়ি বিলীন
বঙ্গোপসাগরের ঢেউয়ের থাবায় টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধসহ এক গ্রামের তিন শতাধিক বসতবাড়ি সাগরে বিলীন হয়ে গেছে। এসব মানুষ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যাচ্ছে। এ ছাড়া পুরো ইউনিয়নের আরও ১৪ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত দুই অর্থবছরে প্রায় ১২ কোটি টাকা খরচ করে ওই গ্রামে অপরিকল্পিতভাবে বালু ও সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করায় পুরো টাকাই অপচয় হয়েছে।এলাকাবাসী অভিযোগ করেন, শাহপরীর দ্বীপ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকাসংলগ্ন পাউবোর (পানি উন্নয়ন বোর্ডের) ৬৮ নম্বর ফোল্ডারে মাটি ও সিসি ব্লকের বাঁধ নির্মাণের জন্য ২০১০-১১ অর্থবছরে চার কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর ঠিকাদারি কাজ পায় মেসার্স উন্নয়ন ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি এক কোটি ৭৫ লাখ টাকা দিয়ে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে মাটির বদলে বালুর বাঁধ নির্মাণ করে। এ বাঁধের ওপর সিসি ব্লক স্থাপন করার ফলে বাঁধের দক্ষিণ অংশে নতুন করে ভাঙন শুরু হয়। ভাঙন রোধ করার জন্য ২০১১-১২ অর্থবছরে আবারও সাত কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু কাজ শুরুর এক মাসের মাথায় সৃষ্ট ঝড়-বৃষ্টি ও বঙ্গোপসাগরের জোয়ারের ঢেউ আঘাত হানা শুরু করে। এ পর্যায়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে জোয়ারের পানি ঢুকে এরই মধ্যে পশ্চিমপাড়া এলাকার তিন শতাধিক বাড়িঘর তলিয়ে গেছে। পাউবো সূত্র জানায়, জোয়ারের গতি তীব্র হওয়ায় চেষ্টা করেও পানি প্রবেশ থামানো যায়নি। বর্তমানে জরুরি ভিত্তিতে ওই বাঁধের ওপর ২৭ লাখ টাকা ব্যয়ে সাড়ে চার হাজার বালুর বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা চলছে। এলাকার বাসিন্দা খলিলুর রহমান বলেন, ‘বাঁধ যখন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখনই বালুর বস্তা ফেলা উচিত ছিল। এখন সরকারি টাকা সাগরের পানিতে ফেলে এলাকাবাসীর কোনো লাভ হচ্ছে না। বরং এতে লাভবান হচ্ছেন ঠিকাদার।’ জোয়ারের পানি সাময়িকভাবে নিয়ন্ত্রণ করার জন্য ভাঙা অংশের ভেতরের দিক থেকে রিংবাঁধ দিলে জোয়ারের পানি প্রতিরোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন খলিলুর রহমান। গ্রামের বাসিন্দা মো. কাশিম ফকির কাঁদতে কাঁদতে বলেন, ‘বালু দিয়ে বাঁধ নির্মাণ করায় বাঁধের সঙ্গে আমাদের ঘরবাড়িও সাগরে ভেসে গেছে। এখন বউ-বাচ্চা নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না।’ সাবরাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কবির আহমদ বলেন, ‘গত ২০ দিন ধরে জোয়ারের পানি ও ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধ ভেঙে পশ্চিমপাড়া গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। ঠিকাদার মো. আতিকুর রহমান বলেন, ‘প্রথম বরাদ্দ চার কোটি ৭২ লাখ টাকার কাজ করার পর বাকি কাজ করার সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বাধা দেন। এরই মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় বাকি কাজও ক্ষতিগ্রস্ত হয়।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া প্রথম আলোকে বলেন, ‘শাহপরীর দ্বীপের কয়েকটি গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পশ্চিমপাড়া গ্রামের লোকজন বসতভিটা হারিয়ে আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যাচ্ছে। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধ করার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান ভাঙনকৃত বাঁধ নির্মাণ সম্পন্ন করতে না পারায় বিশাল এলাকা সাগরে বিলীন হয়ে গেছে। একটি নতুন নকশা প্রণয়ন করে শুষ্ক মৌসুমের শুরুতে পরিকল্পিত উপায়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে।’