টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানের দখলে ফুটপাত
সড়কের দুই পাশে অপ্রশস্ত ফুটপাত। দুই পাশের ফুটপাত ঘেঁষে কাপড়, ফল, সবজি, মুরগি ও মুদিদোকান। দোকান ছেড়ে প্রতিষ্ঠানগুলোর মালামাল রাখা হয়েছে ফুটপাতে। সেখানেই চলছে কেনাবেচা। পথচারীরা তাই বাধ্য হয়ে চলছে সড়ক দিয়ে। ফলে সড়কে সৃষ্টি হয়েছে অনাকাঙ্ক্ষিত যানজট। গত সোমবার দুপুর ১২টায় এই চিত্র দেখা গেল কক্সবাজারের টেকনাফের থানা মোড় এলাকায়।
কেবল থানা মোড় নয়, টেকনাফ পৌরসভার অধিকাংশ এলাকায় এমন চিত্র দেখা গেছে। সড়কের পাশে অবস্থান করা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজটও।
ফুটপাত দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের আশঙ্কা, এর ফলে আসন্ন রমজান মাসে শহরে যানজট আরও তীব্র হবে।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার লেঙ্গুরবিল রোড, বাসস্টেশন এলাকা, পান বাজার রোড, শাপলা চত্বর, টিঅ্যান্ডটি রোড, কুলালপাড়া জিপ স্টেশন, থানা মোড়, বড় মাদ্রাসা রোড, লামার বাজার রোডসহ বাজার-সংলগ্ন সড়কগুলোর ফুটপাত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের দখলে। এসব এলাকার ফুটপাতে কাপড়, নির্মাণসামগ্রী, ফল, শাকসবজি, মাছ ও পান-সুপারি বিক্রি হচ্ছে। আবার কেউ কেউ বেঞ্চ বসিয়ে ফুটপাতের ওপর দখল বজায় রেখেছে।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পৌরসভার প্রকৌশলী জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, একাধিকবার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালালেও পুনরায় সেই ফুটপাত দখল করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে পৌরসভায় একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
টেকনাফ পৌরসভা সূত্রে জানা যায়, ২০০০ সালের ১৩ জুন পৌরসভা গঠন করা হয়। পর্যায়ক্রমে পৌর এলাকার বাজার-সংলগ্ন বিভিন্ন সড়কে ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০১২ সালে টেকনাফকে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়। বর্তমানে পৌর এলাকার বিভিন্ন সড়কে কয়েক হাজার দোকানসহ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অধিকাংশ দোকান-প্রতিষ্ঠান ফুটপাত দখল করে রেখেছে।
পল্লানপাড়া এলাকার নুরুল আলম অভিযোগ করে বলেন, এমনিতেই রাস্তাগুলো অপ্রশস্ত। টমটম, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, বাস, ট্রাক আর মোটরসাইকেল রাস্তার ওপরই পার্ক করা থাকে। ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। ফুটপাতগুলো দোকানিরা দখল করে রেখেছেন। এ কারণে চলাচলে বিড়ম্বনায় পড়তে হয় পথচারীদের।
শহরের বিজিবি স্কুলের শিক্ষার্থী ফরিদ আলম, তাসমিন আরা এবং পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী রিয়াজ উদ্দিন, মো. শাকিল ও নজরুল ইসলাম বলে, প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা এবং বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পৌরসভার বাসস্টেশন এলাকা দিয়ে হাঁটাও যায় না। ওই এলাকার ফুটপাত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দখলে। পাশাপাশি টমটম, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন যানবাহন রাস্তা দখল করে রাখে।
ফুটপাত দখল করে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান চালানো ১৫-২০ জন ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়। তাঁদের মধ্যে মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম, সিরাজুল হক ও সবজি বিক্রেতা নুরুল আমিন বলেন, ‘আমাদের দোকানের জায়গা সীমিত। তাই বাধ্য হয়েই দোকানের সামনের ফুটপাতে মালামাল রাখি।’
ফল বিক্রেতা নবী হোসেন ও আবদুল হক বলেন, পৌর কর্তৃপক্ষ যখন তাঁদের সরে যেতে বলে, তখনই তাঁরা সরে যান। তারপর আবার বসেন। জীবিকার তাগিদেই এ কাজ করেন বলে তাঁরা জানান।
পৌরসভার ভারপ্রাপ্ত প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে মাইকিং করে ফুটপাতে বসা দোকানিদের ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দিই। কয়েক মাস আগেও অবৈধ দোকান উচ্ছেদও করেছি। জনগণের অসুবিধা করে কোনোভাবেই ফুটপাত দখল করে রাখতে দেব না। শিগগির ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করব।’