টেকনাফে মরিচের বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে দাম কম হওয়ায় হতাশ চাষিরা। চলতি মৌসুমে এক হাজার ৩৭০ হেক্টর জমিতে মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সাত হাজার ২৭৫ মেট্রিকটন। কিন্তু চাষ হয়েছে প্রায় দুই হাজার হেক্টর জমিতে। গত এপ্রিল পর্যন্ত সাত হাজার মেট্রিকটন মরিচ উৎপাদিত হয়েছে। আরও এক হাজার মেট্রিকটন হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। গত বছর এক হাজার হেক্টর জমিতে মরিচ উৎপাদিত হয়েছিল চার হাজার ১৩৮ মেট্রিকটন। সরেজমিনে দেখা গেছে, টেকনাফ কাঁচাবাজার ও বাস স্টেশন বাজারে প্রচুর কাঁচা মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শুকনো মরিচের কেজি ৮০-১১০ টাকা। তবে উৎপাদন খরচের তুলনায় এ দাম কম বলে জানান চাষিরা। বিশেষ করে শুকনো মরিচের দাম ১৩০-১৫০ টাকা হলে লাভ আশাব্যঞ্জক হতো বলে মন্তব্য করেন তাঁরা। শীলখালীর সোলতান আহমদ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘এক কেজি কেঁচা মরিচ বেচিলে পাই ৩০ টিয়া। এক কেজির বেশি চইল পঅন ন যায়। ফুয়ানা মরিচ ১৫০ টিয়া অইলে বালা অয়।’ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়ার রেহেনা বেগম বলেন, মরিচ বিক্রির টাকায় সংসার চলে। কিন্তু এবার মনে হয় মরিচের আয়ে সংসার চালানো কঠিন হবে।টেকনাফ পরিবেশ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ বিভাগের শস্য উৎপাদন বিশেষজ্ঞ মোহাম্মদ ফারুক হোসেন জানান, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবং জমিতে প্রয়োজন মতো সার ব্যবহার করায় উৎপাদন ভালো হয়েছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফুর মোল্লা বলেন, ‘এবার মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে।’