টেকনাফে মা গর্জন গাছের বাগানে এমএফএফ দল
১১টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক পরিবেশভিত্তিক সংস্থা ম্যানগ্রোভস ফর দ্য ফিউচারের (এমএফএফ) একটি প্রতিনিধিদল গত ২৮ অক্টোবর কক্সবাজার জেলার টেকনাফের জাহাজপুরায় মা গর্জনগাছের বাগান পরিদর্শন করেছে। পাশাপাশি প্রতিনিধিদলের সদস্যরা শীলখালীর সহব্যবস্থাপনা কমিটির কার্যক্রমও ঘুরে দেখেন।
এমএফএফের এশিয়া অঞ্চলের স্থায়ী কমিটির সম্মেলন উপলক্ষে সংস্থার সদস্যরা এখন কক্সবাজারে অবস্থান করছেন। গত ২৬ ও ২৭ অক্টোবর কক্সবাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও এই প্রতিনিধিদলে ছিলেন কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, সিসিলি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রতিনিধিরা। এ ছাড়া এই সংগঠনে অন্তর্ভুক্ত হতে আগ্রহী দেশ চীনের প্রতিনিধিও সঙ্গে ছিলেন।
প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন উপপ্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, আইইউসিএনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক আহমদ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির, শীলখালী সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সহসভাপতি তহুরা জয়নবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শীলখালী সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি মো. সাইফুল্লাহ বলেন, এমএফএফ দলটি জাহাজপুরা মা গর্জনগাছ বাগান ও শীলখালী সহব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন।