টেকনাফে মান্ধাতার আমলের দাঁড়িপাল্লায় ঠকছেন ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের ১৯টি বাজারে ব্যবহার করা হচ্ছে মান্ধাতার আমলের দাঁড়িপাল্লা। এসব দাঁড়িপাল্লায় নির্ধারিত বাটখারার পরিবর্তে ইট-পাথর দিয়ে পণ্য মেপে দেওয়া হচ্ছে ক্রেতাদের। এ রকম মাপে পণ্য কিনে প্রতারিত হচ্ছেন বলে স্থানীয় একাধিক ক্রেতা অভিযোগ করেছেন। পৌরসভার বড়বাজার, পুরোনো বাসস্টেশন, সাবরাং, বাহারছড়া, হ্নীলা, হোয়াইক্যংসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ মুদির দোকান ও মাছ-মাংস বিক্রেতা ওজন মাপার জন্য ডিজিটাল যন্ত্রের পরিবর্তে দাঁড়িপাল্লা ব্যবহার করছেন। অনেকে দাঁড়িপাল্লায় পরিমাপক হিসেবে বাটখারার পরিবর্তে ব্যবহার করছেন ইট-পাথর।জালিয়াপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, তিনি সপ্তাহে দু-তিন বার স্থানীয় বাজার থেকে গরুর মাংস কেনেন। কিন্তু কখনো সঠিক ওজনের মাংস পাননি। তিনি জানান, বিক্রেতা মাপ দেওয়ার সময় দেখা যায় নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি মাংস দেওয়া হয়েছে। পরে ডিজিটাল যন্ত্রে মেপে দেখা যায় কেজিতে ১৫০-২০০ গ্রাম কম। এনজিও কর্মী সাইলা মারমা বলেন, মাছ-মাংস ছাড়াও অনেক মুদির দোকানেও একই অবস্থা। কিছু অসাধু ব্যবসায়ী পাল্লা ধরার সময় কৌশলে ওজনে কম দেন। এ ব্যাপারে বাজারগুলোতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। পৌরসভার বড়বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় পুরোনো আমলের পাল্লা ও ইট-পাথর ব্যবহার করে ক্রেতা সাধারণকে ঠকাচ্ছেন। এতে সৎ ব্যবসায়ীদের বদনাম হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মুজাহিদ উদ্দিন বলেন, অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাজার মনিটরিং কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।