টেকনাফে মুলার ফলন দ্বিগুণ, ভালো দাম পেয়ে খুশি কৃষক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এবার আগাম মুলার বাম্পার ফলন হয়েছে। গতবারের তুলনায় ফলনও হয়েছে বেশি। মৌসুমের আগে মুলা বাজারে আসায় ভালো দামে বিক্রিও হচ্ছে। এ কারণে হাসি ফুটেছে কৃষকের মুখেও।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ও মো. শফিউল আলম জানান, চলতি মৌসুমে টেকনাফ উপজেলায় ১৩০ একর জমিতে আগাম মুলার চাষ হয়েছে। প্রতি একরে ফলন হয়েছে ১২ মেট্রিক টন। পুরো উপজেলায় ফলন হয়েছে ১ হাজার ৫৬০ মেট্রিক টন। অথচ গত বছর এই সময়ে ফলন হয়েছিল ১ হাজার ৩১ মেট্রিক টন। চাষিরা এবার প্রতি মণ মুলা বিক্রি করছেন ১ হাজার ৮০০ টাকায়। তবে গতবার প্রতি মণ মুলা বিক্রি হয়েছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।
তাঁরা আরও বলেন, জমিতে এখন আমন ধান থাকায় সব জায়গায় মুলার চাষ শুরু হয়নি। আমন ধান কাটা শেষ হলে নভেম্বরের শেষের দিকে ধানি জমিতে মুলাসহ বিভিন্ন ধরনের সবজির চাষ পুরোদমে শুরু হবে। তবে সময়ের আগে বাজারে মুলা আসায় চাষিরা ভালো দাম পাচ্ছেন।
চাষিদের কাছ থেকে মুলা কিনে টেকনাফ, কক্সবাজারসহ জেলার বিভিন্ন এলাকার বাজারে সরবরাহ করছেন স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা। টেকনাফের পাইকারি সবজি ব্যবসায়ী আবদুল মালেক ও হোয়াইক্যংয়ের রহমত উল্লাহ জানান, পাইকারি বাজারে প্রতি মণ মুলা বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়। টেকনাফ পৌরসভার বড় বাজার, বাসস্টেশন, হ্নীলা, হোয়াইক্যং ও বাহারছড়ার বাজারে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
গত ৩০ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন সবজির বাজারে বিক্রির জন্য মুলা নিয়ে এসেছেন চাষিরা। বাজারের ব্যবসায়ীরা জানান, হ্নীলার রঙ্গিখালী, উলুচামরী, পানখালী, মরিচ্চাঘোনা, বাহারছড়ার মারিষবনিয়া, বাইন্যাপাড়া, চাকমাপাড়া, আচারবনিয়া, শামলাপুর, হোয়াইক্যংয়ের কম্বনিয়াপাড়া, রইক্ষম, দৈঘ্যাকাটা, হরিখোলা, লাতুরীখোলা, মহেশখালিয়াপাড়া, সাতগড়িয়াপাড়া ও রোজারঘোনায় এলাকার পতিত ও ঢালু জমিতে এবার আগাম মুলা চাষ করেছেন।
কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলার হ্নীলা, বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি পতিত ও ঢালু জমিতে আগাম সাড়ে তিন শতাধিক চাষি চলতি মৌসুমে ১৩০ একর জমিতে মুলা চাষ করেছেন। গত বছর চাষ হয়েছিল ৭০ একর। চলতি মৌসুমে মুলা চাষ বেড়েছে ৬০ একর জমিতে। সাধারণত বীজতলা রোপণের ৪০ থেকে ৫০ দিনের মধ্যে ফলন পাওয়ায় এই ফসলের জনপ্রিয়তা বাড়ছে চাষিদের মধ্যে।
হোয়াইক্যং রইক্ষম এলাকার চাষি নুরুল ইসলাম বলেন, ‘দুই বছর ধরে মুলা চাষ করে লাভবান হচ্ছি। আমার দেখাদেখি গ্রামের অনেক চাষি এখন মুলা চাষে ঝুঁকছেন।’
একই এলাকার চাষি শফিকুর রহমান বলেন, ‘আগে এ পাহাড়ি জমিগুলো পতিত হিসেবে পড়ে থাকত। চলতি মৌসুমে ৪০ শতক পাহাড়ি ঢালু জমিতে মাত্র ৫ হাজার টাকা খরচ করে মুলা চাষ করেছি। খেতের মুলা বেচে এখন পর্যন্ত ৭০ হাজার টাকার বেশি পেয়েছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাঠপর্যায়ে চাষিদের নিয়ে সবজি চাষাবাদে উদ্বুদ্ধকরণ সভা করেছি আমরা। সে কারণে এবার মুলার ফলন হয়েছে বেশি। অল্প সময়ে কম পুঁজিতে বেশি লাভ হয় বলে চাষিরা মুলা চাষে ঝুঁকছেন।’