টেকনাফে মোটরসাইকেল চুরির হিড়িক
মোটরসাইকেল রেখে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন টেকনাফের গোদারবিল এলাকার ব্যবসায়ী দিল মোহাম্মদ। নামাজ পড়ে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। গত ১৫ ডিসেম্বর এ ঘটনা ঘটে।এর আগে গত ২১ নভেম্বর টেকনাফ থানা থেকে ৩০০ ফুট দূরে কুলালপাড়া এলাকা থেকে চুরি হয় ব্যবসায়ী বাদশা মিয়ার মোটরসাইকেল।পৌর এলাকার বাসিন্দা মো তারেক এক লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেছিলেন গত ৫ ডিসেম্বর। পৌরসভার বাস টার্মিনাল এলাকা থেকে মোটরসাইকেলটি গত ৩১ ডিসেম্বর শনিবার রাতে চুরি হয়।টেকনাফের বিভিন্ন এলাকা থেকে গত কয়েক মাসে এভাবে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয় বলে জানা গেছে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকেরা জানান, মূলত নতুন ও দামি মোটরসাইকেলগুলোই চুরি হচ্ছে বেশি। ভুক্তভোগীদের কয়েকজন চুরি হওয়া মোটরসাইকেল মুক্তিপণের বিনিময়ে ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন। তাঁদের অভিযোগ, টেকনাফের একটি শক্তিশালী সিন্ডিকেট মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক এ প্রসঙ্গে জানান, বেশির ভাগ মোটরসাইকেল ভারত থেকে চোরাই পথে টেকনাফে আনা হয়। অধিকাংশ ক্রেতার প্রয়োজনীয় কাগজপত্র নেই। তাই অনেকেই চুরির ঘটনা থানাকে জানান না। তবে এ পর্যন্ত মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় আটটি ডায়েরি হয়েছে। তিনি আরও জানান, থানায় যেসব ডায়েরি এ পর্যন্ত লিপিবদ্ধ হয়েছে সেগুলোতে কেবল গাড়ির চেসিস নম্বর উল্লেখ করা হয়েছে। শুধু চেসিস নম্বর দেখে চুরি যাওয়া মোটরসাইকেল শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে।টেকনাফ মডেল থানা সূত্র জানায়, ১৪ নভেম্বর একটি চুরি হওয়া মোটরসাইকেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে টেকনাফ পুলিশ। এঁরা হলেন টেকনাফ পুরান পল্লানপাড়ার আবদুল আজিজ (২৮), ইকবাল হোসেন (২৪), আবদুল গফুর (২২), আবদুর রাশেদ (২১), কালামিয়া (১৮) ও শাহপরী দ্বীপের শফিউল্লাহ (৩০)। এঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। চুরি যাওয়ার পর টাকার বিনিময়ে মোটরসাইকেল ফিরে পাওয়ার ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে পৌর এলাকার ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, ‘আমার মোটরসাইকেল চুরির পর টাকার বিনিময়ে গাড়ি উদ্ধার করেছি। কক্সবাজারের আবদুল করিম নামের এক লোক এ ব্যাপারে মধ্যস্থতা করেছেন।’অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ শহরের বার্মিজ মার্কেট, নিউ গণি মার্কেট, ফরিদ কমপ্লেক্স, দ্বীপ প্লাজা, নাফ কুইন মার্কেট, আবু ছিদ্দিক মার্কেট, আবু হানিফ মার্কেট, কোম্পানি মার্কেট, হাসপাতাল, উপজেলা পরিষদ, দমদমিয়া জেটিঘাট ও শাহপরীর দ্বীপ জেটি এলাকায় মোটরসাইকেল চোরের একাধিক শক্তিশালী সিন্ডিকেট রয়েছে।টেকনাফ থানার পুলিশ সার্জেন্ট সৈকত দে বলেন, ‘গত চার মাসে উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিবন্ধনবিহীন শতাধিক মোটরসাইকেলের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হয়েছে। মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের ধরতেও অভিযান অব্যহত আছে।’ এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল চুরি বন্ধে পুলিশ সব সময়ই তৎপর। এরই মধ্যে কিছু চিহ্নিত চোরকে আটক করা হয়েছে। কয়েকটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।