টেকনাফে মৎস্য খাতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি
কক্সবাজারের টেকনাফে ঘূর্ণিঝড় কোমেন, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে চিংড়িঘের ও পুকুর থেকে প্রায় দুই কোটি টাকার মাছ ভেসে গেছে। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে এই ক্ষতি নির্ধারণ করা হয়েছে, আরও বাড়তে পারে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, গত ২৮ জুলাই ভোর রাতে ঘূর্ণিঝড় কোমেনের আঘাত ও টানা ১০ দিনের ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য ঘেরে ১ হাজার ৫৫০ হেক্টর চিংড়িঘের ও পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে টেকনাফ পৌরসভা, সদর, সাবরাং, হ্নীলা, সেন্ট মার্টিন, বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের প্রায় ৫০৮টি চিংড়িঘের ও পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে যায়। এর মধ্যে ২৫০টি চিংড়িঘের, ২২টি বাণিজ্যিক মৎস্য খামার ও ৫৬টি পুকুর রয়েছে। চিংড়িঘের ও পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ ভেসে যাওয়ায় উপজেলার প্রায় সাড়ে ৪০০ চাষি ক্ষতির মুখে পড়েছেন।
হ্নীলার এলাকার আমির আলী অ্যাকোয়া কালচারের ব্যবস্থাপক এইচ কে আনোয়ার জানান, চলতি মৌসুমে টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়টি ১৯৯১ ও ৯৪ সালের ঘূর্ণিঝড়কে হার মানিয়েছে। নাফ নদীর পানি ও পাহাড়ি ঢলে উপজেলার অধিকাংশ মৎস্য খামার ও পুকুরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতি প্রায় তিন কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ক্ষতি কাটিয়ে উঠতে খামার ও পুকুরমালিকদের অনেক সময় লাগবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ জানান, ঘূর্ণিঝড় কোমেন ও টানা বর্ষণে এলাকা প্লাবিত হয়ে মৎস্যচাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষতির নির্ধারণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত চিংড়িঘের ও পুকুরমালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর পরিমাণ আরও বাড়তে পারে।