টেকনাফে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় খুদে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বখাদ্য কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২১ ডিসেম্বর সকাল ১০টায় টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন (চতুর্থ ও পঞ্চম শ্রেণি) ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। এতে বিজয়ীরা হলো বাহারছড়া শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল উদ্দিন, হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ ইসহাক ও রাবেয়া খাতুন।
টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ কে আনোয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ বোস। বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, মুসলিম এইডের স্কুল ফিডিং প্রকল্পের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, স্কুল ফিডিং প্রকল্পের কর্মকর্তা বশির আহমদ, মোহাম্মদ আলী, মুরাদ উদ্দিন, সিপিকা রায়, চন্দা রাখাইন, মনিরুল ইসলাম, আনোয়ার হোসাইন প্রমুখ। পরে বিজয়ী তিনজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।