টেকনাফে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস
‘ইন্টারনেট মানে আগে আমার মা-বাবা বুঝতেন খারাপ কিছু। আমার ধারণাও ছিল একই। এ উৎসবে যোগ দিয়ে জানলাম ইন্টারনেটের ভালো অনেক কিছু।’ কথাগুলো আয়শা সিদ্দিকার। সে টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
১০ মে রোববার কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং উচ্চবিদ্যালয় ও টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয় গ্রামীণফোন-প্রথম আলো আই–জেন উৎসব। এতে ইন্টারনেট নিয়ে শিশু-কিশোরদের আগ্রহ ছিল চোখ পড়ার মতো। সারা দেশে দুই হাজার বিদ্যালয়ে এ উৎসব চলছে।
উৎসবে ইন্টারনেট–বিষয়ক লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয়েছে দুটি বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী। তারা ২৫ মে কক্সবাজারে মূল উৎসবে নিজ নিজ বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
প্রথমে সাবরাং উচ্চবিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন প্রধান শিক্ষক মুফিজ উদ দৌল্লাহ। তিনি বলেন, দেশের সেরা দৈনিক পত্রিকা প্রথম আলো শিক্ষার্থীদের মধ্যে কয়েক বছর ধরে ইন্টারনেট সচেতনতামূলক কাজ করে দেশের আগামী দিনের নেতৃত্বদানকারী নাগরিকদের যোগ্য করে তুলছে।
বক্তব্য দেন প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিস ও জ্যেষ্ঠ শিক্ষক মো. রফিক। উৎসব পরিচালনা করেন আই–জেন উৎসবের কক্সবাজারের সমন্বয়ক ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে অভিজ্ঞানপত্র তুলে দেওয়া হয়।
অন্যদিকে একই দিন দুপুরে টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও উপ–অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী। তিনি বলেন, ‘প্রথম আলো দেশের প্রথম শ্রেণির পত্রিকাগুলোর মধ্যে প্রথম। বাংলাদেশের কোনো পত্রিকা বিদেশ থেকে প্রকাশিত হওয়ার গর্বও প্রথম আলোর। এ রকম একটি জাতীয় দৈনিকের সৃজনশীল কাজে সঙ্গী হতে পেরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সবাই গর্বিত।’
বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিন্দু লাল চাকমা (প্রাথমিক) ও রাবেয়া বিনতে বাদশা (মাধ্যমিক)। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক মো. জালাল উদ্দিন, হারুন অর রশিদ, এনায়েত আলী, পুলক পাল, শাহজাহান হোসেন জামাল, সৈয়দা তাহমিনা খানম, বিশ্বজিৎ পাল, জিয়াউর রহমান, শামসুল হক, জামিল আহমদ, মো. শফিক প্রমুখ। এখানেও বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে অভিজ্ঞানপত্র তুলে দেওয়া হয়।