টেকনাফে সব বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা
কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো সব বিষয়ের বই পায়নি। বই বিতরণের তিন সপ্তাহ পার হলেও বিদ্যালয়গুলোতে কিছু বিষয়ের বই না আসায় শ্রেণির কর্যক্রম পুরোপুরি শুরু করা যায়নি। এ নিয়ে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
২০ জানুয়ারি পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লম্বরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় হাবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এর সত্যতা মিলেছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় তারা এখনো সব বিষয়ের বই পায়নি। প্রথম শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের বই পেলেও দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এক থেকে দুই বিষয়ের বই পায়নি এখনো। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সরকারি-বেসরকারি বিদ্যালয়, আনন্দ স্কুল, উন্নয়ন সংস্থা পরিচালিত বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন মিলিয়ে ১৭৩টি বিদ্যালয় রয়েছে টেকনাফে। এসব বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাংলা ও ইংরেজি, চতুর্থ শ্রেণির গণিত ও বিজ্ঞান এবং তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির বিজ্ঞান বিষয়ের বই আসেনি। যে বিষয়গুলোর বই আসেনি সে বিষয়গুলোর পাঠদান শুরু হয়নি এখনো। টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আকতার জানায়, সব বিষয়ের পাঠদন হলেও বই না থাকায় বাংলা ও ইংরেজি ক্লাস হচ্ছে না।
এ ব্যাপারে টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামাল জানান, এখন পর্যন্ত বিদ্যালয়গুলোতে শতকরা ৮৫ ভাগ বই এসেছে। প্রথম শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের বই পেয়েছে। অন্য শ্রেণির শিক্ষার্থীরা দুই-একটি বিষয়ের বই পায়নি। তাঁরা প্রতিদিনই উপজেলা শিক্ষা কার্যালয়ে গিয়ে বইয়ের খবর নিচ্ছেন। কিন্তু বই সেখানেও আসেনি। কবে আসবে, কেউ বলতেও পারছেন না। এ কারণে শিক্ষার্থীদের সাময়িক অসুবিধা হচ্ছে। তিনি আরও জানান, বই পাওয়া মাত্র বিতরণ করা হবে।
নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, সরকার বই আনা-নেওয়ার বাবদ দিয়েছে মাত্র ৪০০ টাকা। অথচ দুই-তিনবার বই আনতে গিয়ে অতিরিক্ত খরচ হচ্ছে।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কিছু বিষয়ের বই না পাওয়ার কথা স্বীকার করে বলেন,‘আমরা প্রতিনিয়ত নতুন বইয়ের জন্য খোঁজখবর নিচ্ছি। বই পাওয়া মাত্র বিদ্যালয়গুলোতে পৌঁছানো হবে।’