টেকনাফে সাংসদ বদির মান রক্ষা, উখিয়ায় ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৩১ মার্চ। টেকনাফে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাফর আহমদ (আনারস) এবং উখিয়ায় বিএনপির সরওয়ার জাহান চৌধুরী (ঘোড়া)।
ভোটারদের সঙ্গে আলাপে জানা যায়, এই দুই উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি অনেকটা চ্যালেঞ্জ নিয়ে দুজনকে চেয়ারম্যান পদে সমর্থন দেন। এ ক্ষেত্রে টেকনাফের প্রার্থী জাফর আহমদ বিজয়ী হয়ে সাংসদ বদির মান রক্ষা করলেও উখিয়ায় দলীয় প্রার্থীর ভরাডুবি হয়েছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন হুমায়ুন কবির চৌধুরী (আনারস)। তিনি সাংসদ বদির সম্বন্ধী।
দলের নেতারা বলেন, জাফর আহমদকে জয়ী করতে সাংসদ বদিকে নানা ঝক্কিঝামেলা মোকাবিলা করতে হয়েছে। এখানে দলের অপর প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী (দোয়াত-কলম) মাঠে নেমে সাংসদ বদির তীব্র সমালোচনায় মুখর ছিলেন। অন্যদিকে, বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহকে (টেলিফোন) নিয়েও ছিল ভয়।
এদিকে মোহাম্মদ আবদুল্লাহ ১ এপ্রিল সন্ধ্যায় টেকনাফে সংবাদ সম্মেলন করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনিই এই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হতেন। কিন্তু টেকনাফ সদর, সাবরাং ও বাহারছড়া ইউনিয়নের ছয়টি ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়ে জাফর আহমদকে বিজয়ী দেখানো হয়েছে। এ ব্যাপারে ওই ছয় কেন্দ্রে পুনরায় ভোট দাবি করে তিনি প্রধান (ভারপ্রাপ্ত) নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন।
ভোটকেন্দ্র গুলো হচ্ছে লম্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসা, মলকাবানু মাধ্যমিক বিদ্যালয়, বড় হাবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাটাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে জাফর আহমদ পেয়েছেন ৩০ হাজার ৬০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আবদুল্লাহ পেয়েছেন ২৩ হাজার ৬২৯ ভোট। ভোটের ব্যবধান ছয় হাজার ৯৭৯ ভোট। পুনরায় দাবি করা কেন্দ্রগুলোয় ভোটার রয়েছেন ১৪ হাজার ৬৪৮।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, দলের তৃণমূল নেতারা আমাকে একক চেয়ারম্যান প্রার্থী মনোনীত করলেও সাংসদ বদি আলাদা প্রার্থী মাঠে নামিয়ে দিয়েছেন। উদ্দেশ্য, নিজের পছন্দের প্রার্থীকে জিতিয়ে চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, সাবেক সাংসদ মোহাম্মদ আলী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যোগ্য হলেও ইয়াবা সিন্ডেকেটের কালোটাকার কাছে তিনি হেরে গেছেন। এতে ব্যক্তি বিশেষ লাভবান হলেও দলের চরম ক্ষতি হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থী হুমায়ুন কবির চৌধুরীকে জয়ী করতে মরিয়া ছিলেন সাংসদ বদির নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ। কিন্তু দলের আরও দুজন প্রার্থী মাঠে থাকায় ভোটাররা বিভ্রান্ত হয়েছেন। অন্যদিকে জামায়াত ও বিএনপির একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী বিপুলসংখ্যক ভোটারের সমর্থন পেয়েছেন। তা ছাড়া উখিয়া বিএনপির শক্ত ঘাঁটি। ফলে সরওয়ার জাহান চৌধুরী ৪১ হাজার ৯৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর নিকটতম প্রার্থী আওয়ামী লীগের হুমায়ুন কবির চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৮৮৬ ভোট। নেতা-কর্মীরা জানান, কোন্দলের কারণে এখানে আওয়ামী লীগ একক প্রার্থী দিতে পারেনি। এ কারণে অনেকে সাংসদ বদিকে দায়ী করেন। এ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও সাংসদ বদির বক্তব্য পাওয়া যায়নি।