টেকনাফে সামাজিক বনায়নের গাছ কাটা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় সামাজিক বনায়নের জন্য সৃজন করা গাছগুলো কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। এতে বঞ্চিত হচ্ছেন উপকারভোগীরা। গত দুই-তিন মাস ধরে ওই এলাকায় গাছ কেটে নিচ্ছে চক্রটি।
বন বিভাগ সূত্রে জানা যায়, টেকনাফ বন বিভাগের আওতাধীন মোচনী বিট এলাকায় ৩০ হেক্টর বনভূমিতে ২০০৩-০৪ অর্থবছরে প্রায় ৫০ হাজার আকাশমণি, মেহগনি, কড়ই ও গামারি গাছ লাগানো হয়। ৩০ জন নারী-পুরুষ এই প্রকল্পের উপকারভোগী।
সরেজমিনে দেখা গেছে, সারি সারি গাছের ফাঁকে কাটা গুঁড়ি। গাছ চোর চক্রটি রাতের অন্ধকারে গাছ কেটে নিয়ে যায় বলে জানান এখানকার বাসিন্দারা।
সামাজিক বনায়ন কমিটির সভাপতি আমির হোসেন জানান, ১০ বছর মেয়াদি এই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে এসেছে। নিলামের মাধ্যমে কাটার প্রক্রিয়া চলছে। তবে এর আগেই চোরচক্র গাছ চুরি করছে। ইতিমধ্যে প্রায় ১০ হাজারের মতো আকাশমণি, মেহগনি, কড়ই ও গামারিগাছ কেটে নিয়ে গেছে চক্রটি।
বনায়নের উপকারভোগী নবী হোসেন (৩৮) ও হাবিবুর রহমান (৬০) বলেন, ‘প্রায় সাড়ে নয় বছর ধরে পাহারা দিয়ে গাছগুলো বড় করেছি। এখন কাটার মৌসুম আসার সঙ্গে সঙ্গে চোররা সক্রিয় হয়ে উঠেছে। গাছগুলো নিলামের মাধ্যমে কাটার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
পাহারা দলের সভাপতি মোহাম্মদ উসমান বলেন, ওই এলাকার কিছু চিহ্নিত ব্যক্তি প্রকাশ্যে গাছ কেটে নিলেও কেউ বাধা দিতে সাহস পায় না।
মোচনী বন বিট কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘বাগানের গাছ কাটার খবর পেয়ে অভিযানে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যায়। গত দুই-তিন মাসে তাদের কাটা বিভিন্ন প্রজাতির প্রায় তিন শতাধিক গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রেজাউল করিম চৌধুরী জানান, উপকারভোগী ব্যক্তিরা গাছগুলোকে রক্ষণাবেক্ষণ ও যত্ন করে টিকিয়ে রেখেছেন। কিন্তু চোর চক্র গাছগুলো কেটে নেওয়ায় উপকারভোগী ব্যক্তিদের পাশাপাশি সরকারের ক্ষতি হচ্ছে। গাছগুলো দ্রুত নিলাম প্রক্রিয়ায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।