৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ভোটের পরিস্থিতি দুই উপজেলায় ছিল ভিন্ন। টেকনাফে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিলেও উখিয়ায় প্রায় কেন্দ্র ছিল ফাঁকা। সরেজমিনে বির্িভন্ন কেন্দ্র ঘুরে এই চিত্র পাওয়া যায়।
উখিয়া: উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কেউ ভোট দিতে যাননি। কোনো ভোটও পড়েনি। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আশরাফ আলী বলেন, কেন্দ্রটিতে ভোটার ছিল এক হাজার ৫৯৫।
ওই কেন্দ্রের পাশের খয়রাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৮৭টি। এই কেন্দ্রের ভোটারের সংখ্যা এক হাজার ৬৮৩। তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পড়েছে ৩৭ ভোট। এই কেন্দ্রের ভোটারসংখ্যা দুই হাজার ৩৭৮।
রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে পড়েছে ২৯৬ ভোট। কেন্দ্রের ভোটারসংখ্যা দুই হাজার ৯৩২। উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পড়েছে ১১ ভোট। এই কেন্দ্রের ভোটারের সংখ্যা এক হাজার ৯১০।
উখিয়ার পাঁচ ইউনিয়নে ভোটার এক লাখ ছয় হাজার ৪৪৫ জন। ভোট দিয়েছেন হয়েছে ৪১ হাজার ৯৮০ জন।
টেকনাফ: টেকনাফ পৌরসভার আল-জামিয়া ইসলামিয়া মাদ্রাসাকেন্দ্রে ভোটার তিন হাজার ৮৫৪। বেলা একটায় ভোট পড়ে এক হাজার ৯৩৫টি। বেলা তিনটায় দুই হাজার ৫১২টি। ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সকাল আটটায় এই কেন্দ্রে নিজের নৌকা প্রতীকে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি।
টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবরাং উচ্চবিদ্যালয়, বাহারছড়া উচ্চবিদ্যালয়, এজাহার বালিকা উচ্চবিদ্যালয়সহ ৪৩টি কেন্দ্রে ভোটারের সরব উপস্থিতি চোখে পড়ে।
এই উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার রয়েছে এক লাখ ২৬ হাজার ৬৬৯ জন। ভোট দিয়েছেন ৭২ হাজার ৯৫০ জন।
শান্তিপূর্ণ নির্বাচন: পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, উখিয়া ও টেকনাফ উপজেলার ৮০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় মানুষ খুশি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘দেশের কমবেশি সব আসনে গন্ডগোল হলেও আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর নানা চাপ থাকার পরও তাঁরা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
এ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ৪৮৯ ভোট।
তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া পেয়েছেন সাত হাজার ২৭৩ ভোট। ভোটের ব্যবধান ৯৮ হাজার ২১৬। মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৫৯ শতাংশ।