টেকনাফে সড়কের গাছনিধন
টেকনাফ সদরের বিভিন্ন সড়কের গাছনিধনের হিড়িক পড়েছে। বন বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা অবৈধ সুবিধা আদায় করে গাছনিধনের সুযোগ করে দিচ্ছেন। এতে পরিবেশ বিনষ্টের আশঙ্কা করা হচ্ছে। একাধিক সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন বিটের আওতাধীন শাহপরীর দ্বীপ ও লেঙ্গুর বিল সড়ক এবং শাহপরীর দ্বীপ বিটের আওতাধীন সাবরাং আলীর ডেইল সড়কের গাছ নির্বিচারের নিধন করা হচ্ছে। ১৯৯৩-৯৪ সালে বন বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গণস্বাস্থ্যের আওতায় প্রায় ৩০ হাজার আকাশমণি, কড়ই ও গামারিগাছের চারা রোপণ করা হয়েছিল টেকনাফের এ তিনটি সড়কে। গাছগুলো বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এলাকার গাছচোরেরা বন বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে গাছগুলো নিধন করে চলছে। ফলে নির্বিঘ্নে গড়ে উঠছে আসবাবপত্রের দোকান। এসব দোকানমালিক চোর ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সখ্য করে গাছগুলো নিধন করছে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে, গত ২৩ ও ২৮ জুন টেকনাফ থানা পুলিশ ও ৪২ রাইফেলস ব্যাটালিয়নের বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৫৬০ ও ৩৭০ ফুট চোরাই গাছসহ দুইজনকে আটক করে। সূত্র আরও জানায়, টেকনাফে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা ‘বাড়ির আঙিনার গাছপালা’ বলে সনদ দেওয়ার কারণে চোরেরা কৌশলে অনুমতি পাওয়া গাছের সঙ্গে সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে করাতকলে। আর এসব গাছ নির্বিঘ্নে চলে যাচ্ছে অবৈধভাবে গড়ে ওঠা আসবাবপত্রের দোকানগুলোতে। সেসব দোকানি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে মাসোয়ারা দিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানমালিক বলেন, ‘বন বিভাগের কর্মকর্তাদের প্রতিমাসে এক-দুই হাজার টাকা করে মাসোয়ারা দিতে হচ্ছে। এ কারণে কোনো ধরনের লাইন্সেস লাগছে না আমাদের।’ স্থানীয় বাসিন্দা জিয়াউল করিম, সোলতান আহমদ ও জালাল উদ্দিন বলেন, একাধিক গাছচোরকে হাতেনাতে ধরে বনকর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হলেও কোনো প্রতিকার মিলছে না। তাঁরা ওদের ছেড়ে দেন। টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ ও হামিদুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন সড়কের উভয় পাশের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এলাকার কিছু ব্যক্তি এগুলো রক্ষার উদ্যোগ নিলেও বন বিভাগের কর্মকতাদের অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না। শাহপরীর দ্বীপ, সাবরাং আলীর ডেইল ও লেঙ্গুর বিল সড়কের গাছগুলো নির্বিচারের নিধন করা হচ্ছে।টেকনাফ সদর বন বিভাগের বিট কর্মকর্তা কামরুল হাসান ও উপকূলীয় বন বিভাগের শাহপরীর দ্বীপ বিট কর্মকর্তা বজল আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু লোক সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে। লোকবল কম থাকায় চোরদের প্রতিরোধ করা যাচ্ছে না বলে দাবি করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, ‘পুরো উপজেলার আইনশৃঙ্খলার পাশাপাশি বন বিভাগের গাছগুলো রক্ষার দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। বন বিভাগের কর্মকর্তারা গাছ কেটে নেওয়ার পর থানায় শুধু মামলা নিয়ে আসে।’ চলতি বছর উপজেলার বিভিন্ন এলাকা থেকে থানা পুলিশ গাছসহ ২৭ জনকে আটক করেছে বলে জানান তিনি। দক্ষিণ জেলা সহকারী বন সংরক্ষক কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় টেকনাফে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সদস্যদের কোনো ধরনের সনদ না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। সড়কের গাছ কাটার কারণে ছায়াবীথি নষ্ট হচ্ছে। গাছনিধনে বন বিভাগের কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।