নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের টেকনাফ উপজেলায় বেড়িবাঁধের খোলা অংশ দিয়ে নাফনদী ও বঙ্গোপসাগরের জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে ১৩টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪০ হাজার মানুষ। তলিয়ে গেছে পাঁচ শতাধিক বসতঘর, চিংড়িঘের ও কয়েক শ একর ফসলি জমি, পানের বরজ ও আমন ধানের খেত। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেকনাফে দেড় নম্বর স্লুইসগেট ও শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার দুটি ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। ফলে পৌরসভার জালিয়াপাড়া, সাইডপাড়া, খানকার ডেইল, টেকনাফ সদর ইউনিয়নের সুদারপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া ও সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া, মগপাড়া, পানছড়িপাড়া, মাঝরপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়াসহ ১৩টি গ্রাম প্লাবিত হয়। স্থানীয় লোকজন জানান, নিম্নচাপের প্রভাবে নাফ নদী ও বঙ্গোপসাগরের পানি ফুঁসে উঠেছে। জোয়ারের ধাক্কায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে টেকনাফ পৌরসভা, সাবরাং, নীলা, হোয়াইক্যং ও সদর ইউনিয়নের আরও কয়েকটি অংশে ভাঙন দেখা দিয়েছে। কক্সবাজারের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার সকাল নয়টায় হাতিয়া ও সন্দ্বীপের ওপর দিয়ে উপকূল অতিক্রম করেছে। উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালন মেঘমালা সৃষ্টি অব্যাহত এবং সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে উপকূলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃষ্টির কারণে খোলা বেড়িবাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। এর ফলে নিম্নচাপের প্রভাবে নতুন নতুন এলাকা দিয়ে পানি ঢুকছে। হুমকির মুখে পড়েছে বাঁধের অন্য অংশও। এখন প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।’