কক্সবাজারের টেকনাফ উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে প্রায় ২০ কোটি টাকার পানবরজ নষ্ট হয়ে গেছে। ফলে লোকসানের মুখে পড়েছেন অন্তত চার হাজার চাষি। উপজেলা কৃষি কার্যালয় থেকে সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো এক প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
তবে কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ আরও বেশি। উপজেলার ৮০ শতাংশ পানবরজ তলিয়ে গেছে। এতে পচে নষ্ট হয়ে গেছে প্রায় ৫০ কোটি টাকার পানের বরজ।
কৃষকেরা জানান, কয়েক বছরের তুলনায় এ বছর পানের ভালো ফলন হয়। কিছু চাষি কয়েক লাখ টাকার পান বিক্রিও করেন। কিন্তু এর কয়েক দিন পর ভারী বর্ষণ শুরু হয়। এরপর থেকে পাহাড়ি ঢল ও খোলা বাঁধ দিয়ে ঢোকা লবণাক্ত পানি বরজে জমে যায়। সাধারণত একটি পানবরজ আট থেকে ১০ মাস পর্যন্ত টিকে থাকে। কিন্তু পানি কয়েক দিন জমে থাকায় অধিকাংশ পান গাছে পচন ধরে। সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, টেকনাফে পাঁচটি ইউনিয়নের হাজারো কৃষক পান বরজের ওপর নির্ভরশীল। ধারদেনা করে তাঁরা এ মৌসুমে পানের চাষ করেন। তিনি জানান, তাঁর ইউনিয়নে আবাদ করা প্রায় ৮০ শতাংশ পানবরজ জোয়ারে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে।
কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলায় প্রায় সাড়ে চার হাজার চাষি এবার প্রায় দুই হাজার একর জমিতে পানের চাষ করেছেন। এক হাজার ৬০০ একর জমির পান বরজ নষ্ট হয়ে গেছে। এ কারণে প্রায় চার হাজার কৃষকের ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় সাবরাং, বাহারছড়া, সদর, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে দুই হাজার একর জমিতে পানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ একর জমিতে বেশি আবাদ করা হয়।
২০ বছর ধরে পান ব্যবসা করছেন আবদুল গফুর। তিনি বলেন, কয়েক বছর ধরে উপজেলার পাঁচটি ইউনিয়নে পান বেচাকেনায় প্রায় ১৫০ কোটি টাকার লেনদেন হয়। তিনিসহ ২০ থেকে ২৫ জন ব্যবসায়ীর পানে বিনিয়োগ রয়েছে ১০ থেকে ১৫ কোটি টাকা। মৌসুমের শুরুতে কিছু পান পাওয়া গেলেও এখন আর পাওয়া যাচ্ছে না।
উপজেলার সদর ইউনিয়নের পল্লানপাড়া গ্রামের পানচাষি নুরুল আমিন বলেন, আমি ১৫ বছর ধরে পান চাষ করছি। এ বছরের মতো এত বড় ক্ষতি আর কখনো হয়নি। ঋণগ্রস্ত চাষিরা পান বিক্রি করে ঋণ পরিশোধ করেন। এবার বরজ নষ্ট হওয়ায় চাষিরা ঋণ পরিশোধ করতে হিমশিম খাবেন।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, অনুকূল আবহাওয়ার কারণে পান চাষে এবার বাম্পার ফলন হয়েছিল। গত কয়েক বছর পানে ভালো দাম পাওয়ায় চাষিরা এবার ধানি জমিতে পানের বরজ করেন। কিন্তু ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বরজ পানিতে ডুবে যায়। এসব বরজে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি আটকে যায়। যার কারণে কৃষকদের সর্বনাশ হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হচ্ছে।