টেকনাফে ২৩ হাজার ৮৭৭ ইয়াবা বড়িসহ পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা গত ২৪ সেপ্টেম্বর টেকনাফে অভিযান চালিয়ে ২৩ হাজার ৮৭৭ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছেন।বিজিবি সূত্র জানায়, ২৪ সেপ্টেম্বর বিকেল তিনটায় বিজিবি সদস্যরা শাহপরীর দ্বীপের পুরানবাজার এলাকায় রিকশায় তল্লাশি চালিয়ে কাপড়ের ব্যাগে লুকিয়ে রাখা ইয়াবা বড়িগুলো উদ্ধার করেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাচা মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। তিনি সেন্ট মার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা আবদুল গনির ছেলে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তরের পর আদালতে নিয়ে যাওয়া হয়। বাঁচা মিয়া ২৪ সেপ্টেম্বর উপস্থিত সাংবাদিকদের জানান, সেন্ট মার্টিন দ্বীপের একজন কোস্টগার্ড সদস্য ইয়াবা বড়িগুলো শাহপরীর দ্বীপ জেটি ঘাট এলাকায় পৌঁছে দেওয়ার জন্য তাঁকে ২০ হাজার টাকা দিয়েছেন। এ ব্যাপারে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার কে এম জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর নাফনদীর মোহনায় একটি মাছধরার নৌকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়ির চালান আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। এতে পাচারকারী চক্র কোস্টগার্ডের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়েছে।’