টেকনাফে ৪০ মণ ওজনের তিমি হাঙর হত্যা
কক্সবাজারের টেকনাফ উপকূলে একটি বিরল প্রজাতির তিমি হাঙর (স্থানীয় ভাষায় বাঘা হাঙর) ধরা পড়েছে জেলেদের জালে। এটিকে পিটিয়ে হত্যা করে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। হাঙরটি ২৫ ফুট লম্বা। ওজন প্রায় ৪০ মণ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম বলেন, ‘এটি বিরল প্রজাতির তিমি হাঙর। তবে হিংস্র নয়। ভারত মহাসাগর থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত এগুলোর বিচরণ। এরা ১০-১২টি একসঙ্গে চলাচল করে। এটার বৈজ্ঞানিক নাম rhincodon pypus। ধারণা করা যায়, খাবারের সন্ধান ও দল হারিয়ে এটি উপকূলে এসেছে এবং জেলেদের জালে আটকা পড়েছে।’ প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গত বুধবার বিকেলে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে চারবাইন এলাকার উপকূলে মাছ ধরছিলেন একদল জেলে। এ সময় জালে একটি বিশাল হাঙর ধরা পড়ে। বড় হওয়ায় সেটি নৌকায় ওঠানো সম্ভব হচ্ছিল না। তাই জেলেরা এটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে অপর একটি নৌকার পেছনে বেঁধে টেনে হাঙরটিকে কূলে আনা হয়। এটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে।জেলে মো. রশিদ (মাঝি) বলেন, হাঙরটি জালে আটকা পড়ার পর এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। এতে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়। তখন লাঠি দিয়ে আঘাত করে হাঙরটি মেরে ফেলা হয়। নৌকার মালিক মো. ফারুক বলেন, ‘বিশাল আকৃতির বুল মাছ মনে করে আরও ১০ জন শ্রমিক দিয়ে মাছটিকে কূলে টেনে আনা হয়। এটি বেচে চার-পাঁচ লাখ টাকা পাওয়ার আশা করেছিলাম। কিন্তু কূলে আনার পর দেখি এটি বাঘা হাঙর। শেষে ৪৮ হাজার টাকায় এটি বিক্রি করেছি।’স্থানীয় ক্রেতা আলী আহমদ বলেন, মিয়ানমার, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে হাঙরের প্রচুর চাহিদা রয়েছে। হাঙরের শুঁটকি প্রতি কেজি ৪৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হয়। এটিকে শুঁটকি বানিয়ে চট্টগ্রামে পাঠানো হবে। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, ফিশারি ঘাটে গিয়ে তিনি এটিকে হাঙর বলে শনাক্ত করেছেন। এসব জলজ প্রাণী ধরা ও হত্যা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান তিনি।