কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে কিডনি, মেডিসিন, চর্ম, যৌন, ডায়াবেটিস, নাক কান গলা ও হৃদ্রোগীরা সেবা নেন।
সকালে ফাউন্ডেশনের সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে চিকিৎসাশিবির উদ্বোধন করেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ আমির হোসেন। বক্তব্য দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক প্রমুখ।
হ্নীলা ইউনিয়নের পুরান বাজার গ্রামে আয়োজিত চিকিৎসাশিবিরে ৭৭০ রোগীকে চিকিৎসাসেবা এবং ১৫ জন শিশুকে খতনা করানো হয়। সেবা নেওয়া রোগীদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়। চিকিৎসাশিবিরে নেতৃত্ব দেন চিকিৎসক জামাল আহমদ, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব কামাল ও গোলাম আবদুস সাত্তার।