টেকনাফে 'পাম্প' বড়িতে মোটা হচ্ছে কোরবানির গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের বিভিন্ন ওষুধের দোকানে দেখা মিলছে গরুর মোটাতাজাকরণের ওষুধ পাম্প  বড়ি l প্রথম আলো
টেকনাফের বিভিন্ন ওষুধের দোকানে দেখা মিলছে গরুর মোটাতাজাকরণের ওষুধ পাম্প বড়ি l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটাতাজা করার ওষুধ ‘পাম্প’ বড়ির বিক্রি বেড়েছে। দেশে তৈরি স্টেরয়েড জাতীয় ওষুধের পাশাপাশি মিয়ানমার ও ভারত থেকে চোরাই পথে আসা নিষিদ্ধ ওষুধ খাইয়ে একশ্রেণির মৌসুমি ব্যবসায়ী কোরবানির পশু মোটাতাজা করছেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি উপজেলার পশুখাদ্য বিক্রির দোকান ও বার্মিজ মার্কেট নামে পরিচিত বিপণিকেন্দ্রে গিয়ে এসব ওষুধ দেখা গেছে। টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেটের বেশ কয়েকটি দোকানে গিয়ে দেখা গেছে, নানা রকম পণ্যের পাশাপাশি ‘পাম্প বড়ি’ পলিথিনের প্যাকেটে সাজিয়ে রাখা হয়েছে। সেখানকার একটি দোকানের একজন বিক্রয়কর্মী জানান, সামনে কোরবানির ঈদ, তাই এসব ওষুধের চাহিদা বেড়েছে। প্রতিদিন হাজার খানেক বড়ি বিক্রি হচ্ছে। ১০০ বড়ির দাম রাখা হচ্ছে ৫০০ টাকা।
টেকনাফ বাস স্টেশন বাজারের একজন ওষুধের দোকানদার জানান, দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির স্টেরয়েড জাতীয় ওষুধ গবাদিপশু মোটাতাজা করার কাজে ব্যবহার হচ্ছে। বিভিন্ন রঙের এসব বড়ি ব্যবসায়ীদের কাছে পাম বড়ি নামে পরিচিত। প্রতিবছর কোরবানি ঈদ এলে এসব ওষুধের চাহিদা বেড়ে যায়। তাঁরা আরও জানান, দেশে তৈরি বড়িগুলোর দাম একটু বেশি হওয়ায় ব্যবসায়ীদের কাছে বাইরে থেকে আসা খোলা বড়ির চাহিদা বেশি।
ওষুধ বিক্রেতা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মুদি দোকানেও এসব বড়ি বিক্রি করা হয়। দোকানগুলোতে এসব বড়ির নাম পাম্প বড়ি বা লাল-সাদা ট্যাবলেট।
নাম প্রকাশ না করার শর্তে একজন পল্লি চিকিৎসক জানান, গরু মোটাতাজা করার জন্য তাঁরা পশু পালনকারীদের কাছে আমদানি নিষিদ্ধ ভারতীয়-মিয়ানমারের বড়ি ও ইনজেকশনসহ আরও কিছু ওষুধ বিক্রি করে থাকেন। স্বাভাবিক খাদ্যের সঙ্গে এসব ওষুধ খাওয়ালে দুই মাসে গরুর অন্তত এক মণ ওজন বাড়ে। এ ক্ষেত্রে প্রতিটি গরুকে মাসে ৫০০ থেকে ১ হাজার টাকার ওষুধ খাওয়াতে হয় বলে তিনি জানান।
উপজেলার কয়েকজন মৌসুমি গরু ব্যবসায়ী বলেন, তাঁরা রমজান মাসের পরপরই বেছে বেছে কম দামে স্বাস্থ্যহীন গরু কিনে এনেছেন। এরপর গরুকে ভারতীয়-মিয়ানমারের (পাম্প) বড়ি খাওয়ানো শুরু করেন। এতে অল্প সময়ে গরু মোটা হতে শুরু করেছে। দেড় মাস পর কোরবানির হাটে বিক্রির সময় এসব গরু প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা যাবে বলে তাঁরা আশা করছেন।
টেকনাফ সদরে গোদারবিল গ্রামের মৌসুমি ব্যবসায়ী মোহাম্মদ জকরিয়া (৪২) বলেন, বর্তমানে গরুর বাজারদর হিসাবে ব্যবসায়ীরা আশা করছেন এবার তাঁরা ভালো দাম পাবেন। এ কারণে গত বছরের চেয়ে এবার বেশিসংখ্যক গরু মোটাতাজা করা হচ্ছে।
উপজেলার পল্লানপাড়া গ্রামের আলী আহমদ (৪৫) বলেন, ‘ঈদ সামনে রেখে আমি ছয়টি গরু মোটাতাজা করছি। আমি এসব গরু বিক্রি করে সব খরচ বাদ দিয়ে এই দেড় মাসে কমপক্ষে দেড় লক্ষাধিক টাকা লাভের আশা করছি।’
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, বলবর্ধক নিষিদ্ধ বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং এতে গরুর শরীরে পানি জমে। এ পানি স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয় এবং গরুর শরীর ফুলে যায়। এসব গরুর মাংস খাওয়া একেবারে ঠিক নয়। তারপরও অধিক মুনাফার লোভে কিছু মানুষ এসব ওষুধ গরুকে খাওয়াচ্ছেন। প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে এসব ব্যবসায়ীর সঙ্গে এ বিষয়ে কথা বললে তাঁরা এ ওষুধ খাওয়ানোর কথা স্বীকার করেন না।’
জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এম খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যাঁরা গরু পালন করছেন, আমরা তাঁদের ওসব নিষিদ্ধ ওষুধ গরুকে না খাওয়াতে বলছি। আসন্ন ঈদুল আজহায় প্রতিটি গরুর হাটে চিকিৎসক ও বিশেষজ্ঞ দলের মাধ্যমে গরুর রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হবে। যদি কোনো গরুর রক্তে বিষাক্ত কিছু ধরা পড়ে, তাহলে সেই গরু বিক্রি করতে দেওয়া হবে না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আতাউর রহমান জানান, ‘যেসব মহিলা মোটা হওয়ার জন্য এ বড়ি খান তঁাদের শরীরের হাড় নরম হয়ে যায়, শরীরে কালো কালো দাগ দেখা দেয়, মস্তিষ্কের ক্ষতি হয় এবং ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট হয়ে মৃত্যুমুখে পতিত হন।’