
ভারতীয় টিভি সিরিয়ালের নানা চরিত্রের নামে নামকরণ করা পোশাকে সয়লাব এবার দেশের ঈদ বাজার। বাদ যায়নি কক্সবাজারের টেকনাফ উপজেলাও। এখানকার বিপণিবিতানগুলোতে ‘কিরণমালা’, ‘রাজকুমারী’, ‘ইচ্ছে নদী’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘জলকন্যা’ এসবের পাশাপাশি চলছে ‘নরেন্দ্র মোদি’ পোশাক।
কক্সবাজারের টেকনাফের বিপণিকেন্দ্র ঘুরে দেখা যায়, সারা দেশের মতো এখানেও চাহিদার শীর্ষে রয়েছে তরুণীদের লং ফ্রক ‘কিরণমালা’। সরাসরি ভারত থেকে আমদানি করা ‘কিরণমালার’ পাশাপাশি এর দেশে তৈরি সংস্করণটিও পাওয়া যাচ্ছে বাজারে।
ঈদবাজারে জনপ্রিয় হওয়া এই পোশাকটির বিবরণ দিলেন জেলা পরিষদ সুপার মার্কেটের নাফ হিউম্যান অ্যান্ড রিভিউর মালিক নুরুল হাকিম।
তিনি বলেন, আমদানি করা ‘কিরণমালা’ ফ্রকের সঙ্গে থাকে কটি, নিচে ঘের, এরপর ফলস, পেছনে নকশা আর দুই পাশে দুটি ঝুমকা। এ পোশাকের দাম তুলনামূলকভাবে বেশি। তিন হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত।
আলো শপিংমলের জিয়া ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে দেখা যায় এক সারিতে বেশ কয়েকটি পোশাক ঝোলানো হয়েছে। ‘ছুঁয়ে দিলে মন’, ‘রাজকুমারী’, ‘বউ কথা কও’ এমন বিচিত্র সব নাম। দোকানের বিক্রেতা মো. জিয়া বলেন, ‘তরুণী ক্রেতারা এসব নামের পোশাকের খোঁজ করছেন। তাঁদের যাতে কষ্ট করে খুঁজতে না হয় এ জন্য পোশাকের গায়ে পরিচিতি ট্যাগ ঝোলানো হয়েছে।’
নাফ কুইন নিউমার্কেটের জনসেবা ও ফ্যাশন হাউস নামের দুটি দোকানে কিশোর ও তরুণদের পোশাক বিক্রি হচ্ছে ‘মোদি’, ‘দাবাং’ ও ‘পাগলু’ নামে। এমন নামকরণ সম্পর্কে ওই দোকানের মালিক রফিকুল করিম বলেন, ‘পাইকারি দোকান থেকে কেনার সময় বিক্রয় রসিদে এসব নামই লেখা ছিল। আমরাও কিছু কিছু নাম দিয়েছি।’ ভারতীয় টিভি সিরিয়ালের নামে হওয়ায় এসব পোশাক বেশি দামে বিক্রি করা যাচ্ছে বলে জানান তিনি।
তবে এসব পোশাকের পাশাপাশি পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি ও সালোয়ার কামিজের বিক্রিও ভালো। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই ক্রেতারা ভোর থেকেই ছুটছেন বিপণিবিতানে। গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার ও বড় বাজারের ব্যবসায়ী সমিতি সভাপতি আবদুর রাজ্জাক জানান, বিপণি বিতানগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন থাকায় এবার চাঁদাবাজি ও ছিনতাই নেই। ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরে যেতে পারছেন।