টেকনাফের চিংড়িঘেরে লবণচাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের চাষিরা এবার চিংড়িঘেরেই লবণচাষ করছেন। গত বছর চিংড়িচাষ করে ব্যাপক লোকসানের কারণে তাঁরা চিংড়িঘেরে লবণচাষ শুরু করেছেন। পুরো উপজেলায় চলতি মৌসুমে প্রায় দুই হাজার একর চিংড়িঘেরে লবণচাষ করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ২০০৯ সালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই হাজার ৬৮৪ একর জমিতে ছোট-বড় মিলে ৪২৭টি ঘেরে চিংড়িচাষ করা হয়েছিল। কিন্তু পাঁচ-সাত বছরের জন্য দাদন ও বর্গা নেওয়া চাষিরা লোকসানে পড়ায় বাধ্য হয়ে লবণচাষ করছেন। স্থানীয় ঘেরমালিক ও চাষিরা জানান, গত বছর চিংড়ি মৌসুমে ঘেরগুলোতে বড় ধরনের মড়ক দেখা দেয়। যেসব ঘেরে চিংড়ি বেঁচে ছিল সেগুলোও আশানুরূপ বাড়েনি। ফলে উত্পাদন হয়েছে খুব কম। কেজি প্রতি দামও কমেছে ১০০-১৫০ টাকার মতো। এ অবস্থায় পুঁজিও তুলে আনা যায়নি। এর ওপর মড়কের অজুহাতে চিংড়ি রপ্তানিও বন্ধ হয়ে যায়। ফলে লোকসানের পরিমাণ বেড়ে যায়। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকার মেসার্স বোরাক চিংড়িঘেরের মালিক মো. ইব্রাহিম ও টেকনাফের খোনকারপাড়ার মেসার্স আহমদ চিংড়িঘেরের মালিক শফিক আহমদ বলেন, গত বছর দুই হাজার ৬৮৪ একর জমিতে চিংড়িচাষে প্রায় তিন কোটি টাকার মতো খরচ পড়লেও ৮০-৯০ লাখ টাকার বেশি তুলে আনা সম্ভব হয়নি। টেকনাফের জলিলের দিয়ার বর্গাচাষি মোহাম্মদ ইউছুফ বলেন, ‘এক বছরের জন্য ৬০ হাজার টাকায় (প্রতি ৪০ শতক) জমি বর্গা নিয়ে বিপাকে পড়েছি। লোকসান নিশ্চিত তাই লবণচাষ করে কিছুটা হলেও কাটিয়ে উঠার চেষ্টা করছি।’ চাষিদের অভিযোগ, উপজেলার অধিকাংশ ঘেরে ভাইরাসযুক্ত পোনা অবমুক্ত করার কারণে তাঁদের বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে হয়েছিল। ভাইরাস শনাক্ত করার জন্য কোনো পরীক্ষাগার না থাকায় স্থানীয় চিংড়িঘেরের মালিকেরা পরীক্ষা ছাড়াই পোনা অবমুক্ত করেন। এ মৌসুমে চিংড়িচাষের লোকসান পুষিয়ে নিতে ঘেরকে লবণচাষের উপযোগী করে তুলছেন স্থানীয় ঘেরমালিক ও চাষিরা। উপজেলা মত্স্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ বলেন, ১০-১৫ বছর ধরে যেসব জমিতে চিংড়িচাষ হয়েছিল বর্তমানে সেখানে ৬০-৭০ শতাংশ জমিতে লবণচাষ করছে স্থানীয় ঘেরমালিক ও চাষিরা। তবে লবণচাষের পরও একই জমিতে তারা আবার চিংড়িচাষ করতে পারবেন। তাতে জমির উর্বরাশক্তির কোনো ক্ষতি হবে না এবং চিংড়ি উত্পাদনও ভালো হবে। এতে একই জমিতে লবণ ও চিংড়িচাষ করে চাষিরাও লাভবান হতে পারবেন বলে তিনি জানান।