১৯ মে, বেলা সাড়ে তিনটা। তখনো রোদের তেজ কমেনি। তার পরও হাজার খানেক মানুষ জমায়েত ফটিকছড়ির লেলাং কাট্টইল্যা বিলে। সেখানে বসেছে বলীখেলার আসর। প্রতিবছরের ধারাবাহিকতায় এবার বসল ৫০ তম আসর। এতে চ্যাম্পিয়ন হয়েছে টেকনাফের জয়নাল বলী।
খেলায় লড়েন ৬৬ জন বলী। অংশগ্রহণকারীদের মধ্যে ৭০ বছরের বৃদ্ধ দৌলতপুরের আনোয়ার মিয়া যেমন ছিলেন, তেমনি ছিলেন রাঙামাটিয়ার ১৯ বছরের কামাল বলীও।
চূড়ান্ত পর্বে বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজার জেলার টেকনাফের জয়নাল বলী মাঠে এলেই সবাই করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। উঠেই প্রথমে মুখোমুখি হন রাঙামাটিয়ার মান্নান বলীর। তিন মিনিটের মাথায় মান্নান শারীরিকভাবে আহত হলে খেলা পরিচালনা কমিটি নতুন করে হাটহাজারীর চারিয়ার হানিফ বলীকে মুখোমুখি করায় তাঁর। হানিফকে কুপোকাত করতে জয়নাল সময় নেন মাত্র দুই মিনিট ২৫ সেকেন্ড।
বিজয়ী জয়নাল বলেন, ‘আমি প্রতিনিয়ত অনুশীলন করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। জয়ী হতে পেরে আনন্দিত।’
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মো. শহিদুল্লাহ চৌধুরী, মো. নাছির উদ্দিন, জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, মো. জাবেদ, ওমর ফারুক, আনোয়ার পাশা ও নুরুল আলম। বাদ্যযন্ত্রের তালে বলীদের খেলায় অংশগ্রহণ ও দৌলতপুরের আনোয়ার বলীর নৃত্য ছিল বেশ উপভোগ্য।
উপজেলার দৌলতপুর থেকে সন্তান নিয়ে বলীখেলা দেখতে আসা সংস্কৃতিকর্মী দৌলত শওকত বলেন, এ খেলা চট্টগ্রামের ইতিহাসের অংশ। গ্রামবাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে পরিচিত করতে এই আসর ভূমিকা রাখছে।
আয়োজক কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, ‘৫০ বছর ধরে চলছে কাট্টইল্যা বিলের এ বলীখেলা। আমরা চেষ্টা করছি দেশীয় সংস্কৃতি রক্ষায় লোকজনকে উৎসাহী করতে।’