টেকনাফের নারকেল ও সুপারিগাছে মড়ক
সবুজ পাতা প্রথমে লালচে হয়ে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে তা দ্রুত পুরো গাছে ছড়িয়ে পড়ে পোড়া পোড়া দাগের মতো আকার ধারণ করছে। এরপর পাতা শুকিয়ে মরে যাচ্ছে গাছ। এভাবে গত দুই মাসে টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নে প্রায় ৩০ হাজার নারকেল-সুপারিগাছ। আরও লক্ষাধিক গাছ রোগাক্রান্ত হয়েছে। এ নিয়ে খোদ কৃষি কর্মকর্তারাও উদ্বিগ্ন।এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের তলদেশ ভরাট হয়ে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে মাটির লবণাক্ততা বেড়ে শুষ্কতা দেখা দিয়ে পাতা শুকিয়ে যাচ্ছে। এ ছাড়া ব্রাইট নামের ছত্রাক-আক্রান্ত হয়েছে কি না, সেটাও পরীক্ষা করতে হবে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, উত্তর জালিয়াপাড়া, মধ্যম জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, সদর ইউনিয়নের মৌলভীপাড়া, নাজিরপাড়া, শীলবনিয়া ও সাবরাং ইউনিয়নের মগপাড়া, পানছড়িপাড়া, মণ্ডলপাড়া, আছারবনিয়া ও ঝিনাপাড়া এলাকার সুপারি-নারকেল বাগানের অসংখ্য গাছে মড়ক ছড়িয়ে পড়েছে। গত দুই-এক মাসে মরে গেছে প্রায় ৩০ হাজার গাছ। জীবিত অধিকাংশ গাছ ও পাতা শুকিয়ে মরে যাচ্ছে। উল্লেখ্য, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর, ২০০৮ সালে আইলা ও চলতি বছরের ১৫ জুন জলোচ্ছ্বাসের ফলে নাফ নদের বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভেঙে যায়। ফলে বিস্তীর্ণ এলাকায় সাগরের জোয়ারের পানি ঢুকে পড়ছে প্রতিনিয়ত। এসব এলাকার নারকেল-সুপারি বাগানের গাছ মরে যাচ্ছে বলে জানান বাগানের মালিকেরা।সাবরাং আছারবনিয়ার গ্রামের বাগান মালিক আবুল কাছিম (৫৫), পানছড়িপাড়ার নূর আহমদ (৪৮) ও জালিয়াপাড়া নুর মোহাম্মদ (৪৫) জানান, গত কয়েক মাসে তাঁদের বাগান ও বাড়ির আঙিনায় প্রায় দেড় হাজার সুপারি ও ১১৩টি নারকেলগাছ মরে গেছে। এ মড়ক থেকে অন্যান্য গাছও রক্ষা করা যাচ্ছে না। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, রোগাক্রান্ত গাছে অতিরিক্ত পটাশ সার (গাছভেদে ২৫০ ও ৫০০ গ্রাম) প্রয়োগ করতে হবে। এ ছাড়া রোগাক্রান্ত গাছে কপার অক্সিক্লোরাইড বা কার্বেন্ডাজিম অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে। এতে করে আক্রান্ত গাছগুলো রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. ইদ্রিস মজুমদার বলেন, ‘হঠাৎ করে বিপুলসংখ্যক গাছ মরে যাওয়ার ঘটনায় আমরাও উদ্বিগ্ন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাটিতে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পেয়ে এমনটি হতে পারে। প্রাথমিক পর্যায়ে স্থানীয়ভাবে প্রতিরোধ করার জন্য কাজ শুরু করা হবে। যদি সম্ভব না হয় তাহলে আগামী দুই-এক দিনের মধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে ।’