টেকনাফের পাহাড়ে মর্টার শেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার পানিরছড়া পাহাড়ে ‘মর্টার শেল আতঙ্ক’ বিরাজ করছে। এ কারণে লোকজন পাহাড়ের চাষবাদ বন্ধ রেখেছেন। বন্ধ রয়েছে বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচিও।
৬ আগস্ট এই পাহাড় থেকে ব্রিটিশ আমলে তৈরি একটি বিশাল আকৃতির মর্টার শেল উদ্ধার করা হলেও সেটি এখনো অবিস্ফোরিত অবস্থায় খোলা মাঠে পড়ে রয়েছে। এর আগেও বাহারছড়াসহ টেকনাফের পাহাড় থেকে এ ধরনের মর্টার শেল উদ্ধার করা হয়েছিল, যা সেনাবাহিনীর বিস্ফোরক দল এসে নিষ্ক্রিয় করে।
স্থানীয় মাথাভাঙা বনবিট কর্মকর্তা অহিদুল আলম জানান, ৫ আগস্ট দুপুরে তিনি শ্রমিকদের নিয়ে পানিরছড়া পাহাড়ে বৃক্ষরোপণ শুরু করেন। বিকেলের দিকে একজন শ্রমিক খুন্তি দিয়ে পাহাড়ের মাটি কাটার সময় ওই মর্টার শেলটি আবিষ্কার করেন। ৬ আগস্ট সকালে বন বিভাগ ও পুলিশ যৌথভাবে দুর্গম ওই পাহাড়ে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে সমতলে নিয়ে আসে। এটি এখন পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুনির আহমদ (৬৫) ও মাথাভাঙা গ্রামের মো. কামাল (৬৩) জানান, ১৯৪২ সালের ব্রিটিশ-জাপান যুদ্ধের সময় একটি বিমান আগুন ধরে এই পাহাড়ে ওপর পড়েছিল। তখন থেকে পাহাড়টির নামকরণ হয় ‘জাহাজপুড়া পাহাড়’। ওই সময় বোমার আঘাতে বিশাল আকৃতির একটি গর্জন গাছের মাথা ভেঙে পড়েছিল বলে এই গ্রামের নামকরণ হয়েছে মাথাভাঙা। অতীতেও এই পাহাড় থেকে ব্রিটিশ আমলের মর্টার শেল ও গোলাবরুদ পাওয়া গিয়েছিল। টেকনাফের নেটং পাহাড়ে রয়েছে ব্রিটিশ সেনাদের একটি বাংকার। যেখান থেকে মিয়ানমারের মংডুতে অবস্থানকারী জাপান সেনাদের লক্ষ্য করে কামানের গোলা ছোড়া হতো।
স্থানীয় লোকজনের আশঙ্কা, জাহাজপুড়া, পানিরছড়া, মাথাভাঙা ও টেকনাফের পাহাড়ে এখনো অনেক মর্টার শেল ও গোলাবরুদ অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, উদ্ধার মর্টার শেলটি পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ১৯৪২-৪৩ সালে মিয়ানমার সীমান্তে ব্রিটিশ ও জাপানি সেনাদের মধ্যে যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। অবিস্ফোরিত এই মর্টার শেলের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি। গোলাকৃতির বেড় ৩৩ ইঞ্চি।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে সেনাবাহিনীর বিস্ফোরক দল। ইতিমধ্যে চিঠি লিখে সেনাবাহিনীকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। তারা না আসা পর্যন্ত এটি পুলিশের প্রহরায় থাকবে।