টেকনাফের প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষকের পদ শূন্য
সেন্ট মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫৫৩। এই বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষকের একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। দাপ্তরিক কাজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রায়ই টেকনাফ যেতে হয়। এতে একজন শিক্ষকের পক্ষে বিদ্যালয়ের পাঠদান চালিয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে, প্রায় সময় বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকে।
সেন্ট মার্টিন বিদ্যালয়ের মতো কক্সবাজারের টেকনাফ উপজেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলায় সহকারী শিক্ষকের ১০৩টি পদও খালি। এতে লেখাপড়া ক্ষতি হচ্ছে শিশুদের। শিক্ষক নিয়োগের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি।
সেন্ট মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মোহাম্মদ রফিক বলেন, ‘আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য প্রায় ছয় বছর ধরে। নির্ধারিত ক্লাস নেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে আমাকে। প্রতি মাসেই চার-পাঁচ দিন দাপ্তরিক কাজে উপজেলা সদরে যেতে হয়। ওই সময়ে আমার রুটিনে থাকা ক্লাসগুলি হয় না।’
১৭ সেপ্টেম্বর দাবি-দাওয়া নিয়ে টেকনাফ উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিতে যান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। ওই সময় সেন্ট মার্টিন বিদ্যালয়ের মতো উপজেলার অনেক বিদ্যালয়ে কোনো পাঠদান হয়নি। স্মারকলিপি দিতে আসা শিক্ষকেরা জানান, উপজেলার ১৮টি বিদ্যালয়ের কোনোটিতে ছয় বছর ও কোনো বিদ্যালয়ে তিন বছর ধরে প্রধান শিক্ষক নেই। তাই দাপ্তরিক কাজে সহকারী শিক্ষকদেরই সদরের আসতে হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া শতাধিক সহকারী শিক্ষকদের পদও দীর্ঘদিন ধরে শূন্য।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, এ বিষয়ে একাধিকবার জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রতিবেদন পাঠানো হয়। কিন্তু কোনো সাড়া মেলেনি। নিয়োগও হচ্ছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৫৯টি। এসবের মধ্যে ১৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ তিন থেকে ছয় বছর ধরে শূন্য। এ ছাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০৩টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘ ছয়-সাত বছর ধরে খালি রয়েছে। যে ১৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সেগুলো হলো কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৈংগাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাদিমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় হাবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাতুরীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশখালীয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উনছিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলী আকবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালীয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।